বাহার গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমা বেগমের (১৮) ওপর ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারী বাহার উদ্দিনকে (২২) গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, জকিগঞ্জের মির্জাচখ হাওর এলাকা থেকে বাহারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে নিয়ে হামলায় ব্যবহার করা ছুরি ও রক্তমাখা একটি জামা উদ্ধার করা হয়। তাঁকে গতকাল বিকেলে জকিগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি রেকর্ড করেন হাকিম খায়রুল আমিন।
এদিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঝুমার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছুরির আঘাতে ঝুমার বাঁ হাতে বড় রকমের ক্ষত হওয়ায় একটি অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের উপপরিচালক মফিজউদ্দিন আহমদ বলেন, ঝুমার অবস্থা আশঙ্কামুক্ত।