‘কেউ যদি জেদ করেন তিনি জঙ্গিদের জঙ্গি বলবেন না, সন্ত্রাসীদের সন্ত্রাসী বলবেন না, এটা তাঁর বিষয়। আমরা কারও সঙ্গে বাহাসে জড়াতে চাই না। বাহাসে জড়ানোটা নোংরামি মনে হয়।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। হরতাল চলাকালে রাজধানীতে একটি যাত্রীবাহী বাসে হামলা ও অগ্নিসংযোগকারীদের ধরতে পুলিশকে সহায়তা করায় তিনজনকে সম্মাননা দিতে ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গত ১৭ অক্টোবর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হন নাফিজ সালাম (৩২)। তাঁকে দেখতে গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। পুলিশের সাম্প্রতিক কার্যক্রম সাংঘাতিক রূপ নিয়েছে। একজন নাগরিককে খুব কাছে থেকে এভাবে গুলি করা একধরনের বর্বরতা ও অসভ্যতা। এভাবে গুলি করার নির্দেশ পুলিশকে কে দিয়েছে?’ তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট জেলার পুলিশের কতিপয় সদস্য এ ধরনের কর্মকাণ্ড বেশি করছেন।’
পরে গণমাধ্যমে পাঠানো বক্তব্যে ডিএমপি মিজানুরের ওই বক্তব্য জঙ্গিবাদকে উসকে দিতে পারে বলে দাবি করে। একই সঙ্গে ডিএমপি জানায়, গুলিবিদ্ধ নাফিজ হিযবুত তাহ্রীরের সদস্য। এর পরে মিজানুর রহমান বলেন, যত অভিযোগই থাকুক, কাউকে বিনা বিচারে গুলি করার ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেউ দেয়নি। এ কথার মানে কিন্তু জঙ্গিবাদ উসকে দেওয়া নয়। ডিএমপি মানবাধিকার কমিশনের এখতিয়ার সম্পর্কে যথাযথভাবে অবগত নয়।
গতকাল সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনার ও পুলিশ দুটোই রাষ্ট্রের প্রতিষ্ঠান। তাই আমরা কারও সঙ্গে বাহাসে লিপ্ত হতে চাই না। তাঁর (মিজানুর রহমান) বক্তব্যের বিষয়ে ডিএমপি বক্তব্য ও ব্যাখ্যা দিয়েছে। এর পরেও ব্যাখ্যা দিতে পারতাম। কিন্তু বাহাসে জড়ানোটা নোংরামি মনে হয়।’
নাফিজ প্রসেঙ্গ কমিশনার বলেন, ‘এই ছেলেটিকে ২০১০ সালে একবার গ্রেপ্তার করেছিল পুলিশ। সে একজন স্বঘোষিত সন্ত্রাসী। সরকার হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে আমরা অবশ্যই আইনসম্মতভাবে কথা বলব।’
কমিশনার বলেন, ‘কেউ পুলিশের চেইন অব কমান্ড নিয়ে অভিযোগ করলেই তা নিয়ে ধারণা করে কথা বলা ঠিক না। মানবাধিকার কমিশনের তদন্ত করার ক্ষমতা রয়েছে। তারা তদন্ত করে দেখতে পারে।’ তিনি বলেন, পুলিশ ও মানবাধিকার কমিশনকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনজনকে সম্মাননা: গত বৃহস্পতিবার হরতাল চলাকালে রাজধানীর শ্যামলীতে একটি যাত্রীবাহী বাসে হামলা ও অগ্নিসংযোগকারীদের ধরতে পুলিশকে সহায়তা করায় তিনজনকে সম্মানিত করেছে ডিএমপি। এঁরা হলেন শ্যামলীর বাসিন্দা শহিদুল আলম খান ওরফে কাজল, হাসান মিয়া ও মনির হোসেন ওরফে জয়। গতকাল তাঁদের হাতে ১০ হাজার টাকার চেক ও সম্মাননাপত্র তুলে দেন ডিএমপি কমিশনার।