বাহুবলে কৃষককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবল উপজেলার শিবপাশা গ্রামে আবদুর রশিদ (৫০) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার শিবপাশা গ্রামের কৃষক আবদুর রশিদের সঙ্গে একই গ্রামের ফিরোজ আলীর বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এ নিয়ে আদালতেও উভয় পক্ষের মামলা চলছে। সোমবার বিকেলে রশিদ হবিগঞ্জ শহরে তাঁর ব্যক্তিগত কিছু কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবপাশা গ্রামের সড়ক দিয়ে বাড়িতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে এলাকাবাসী ও তাঁর স্বজনেরা খবর পেয়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকেরা অবস্থা বেগতিক দেখে তাঁকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সিলেট নেওয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে তিনি মহাসড়কের সিলেটের গোয়ালাবাজার এলাকায় মারা যান।
নিহত আবদুর রশিদের ভাতিজা লুৎফর রহমান এ ঘটনার জন্য গ্রামের ফিরোজ আলী ও তাঁর স্বজনদের দায়ী করেন। তিনি অভিযোগ করেন, তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে ফিরোজ আলীর সঙ্গে কথা বলতে চাইলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁদের পক্ষের রজব আলী নামে এক ব্যক্তি বলেন, এ ঘটনার বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফয়সল আতিক গতকাল প্রথম আলোকে জানান, হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে গতকাল আবদুর রশিদের লাশের ময়নাতদন্ত হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।