বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, তরুণ নিহত
জমি নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুপক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত তরুণ ওই গ্রামের কৃষ্ণ সূত্রধরের ছেলে অস্পু সূত্রধর (১৮)। সংঘর্ষের ঘটনায় আহত লোকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার শ্যামপুর গ্রামের সুবল সূত্রধরের সঙ্গে প্রতিবেশী পরতুশ সূত্রধরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে পরতুশ সূত্রধরের লোকজন সুবল সূত্রধরের নতুন বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আধা ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে দুপক্ষের ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত অস্পু সূত্রধরকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বেলা ১১টায় সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত অস্পু সুবল সূত্রধরের আত্মীয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন গতকাল প্রথম আলোকে জানান, এ ঘটনায় সুবল সূত্রধরের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ প্রবীণ সূত্রধর নামের এক ব্যক্তিকে আটক করেছে।