বাহুবলে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদ কমিটি গঠন ও ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর গত বৃহস্পতিবার হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে সংঘর্ষে জড়িত দুটি পক্ষ এসব অভিযোগ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার মুগকান্দি গ্রামের কবির মিয়া ও মতিন মিয়ার পক্ষের মধ্য গ্রামে একটি মসজিদের নতুন কমিটি গঠন ও ইমাম পরিবর্তন নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারী-শিশুসহ প্রায় শতাধিক লোক আহত হন। গুরুতর আহত  কবির মিয়া (৫০) ও মতিন মিয়াকে (৪৭) বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক কবির মিয়াকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মতিন মিয়াও মারা যান। কবির মিয়া যুক্তরাজ্যপ্রবাসী। তিনি নিহত হওয়ার দুই সপ্তাহ আগে পরিবার নিয়ে বাড়িতে বেড়াতে আসেন।

এ বিষয়ে গত রোববার প্রথম আলোয় ‘হবিগঞ্জে সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ঘটনার পাঁচ দিন পর গত বৃহস্পতিবার হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে কবির মিয়ার বড় ভাই সানু মিয়া ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। একই দিন মতিন মিয়ার স্ত্রী ফরিদা বেগম বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়াসহ  ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

এ ঘটনায় এ দুটি  মামলা ছাড়াও এ হত্যাকাণ্ডের পরের দিন বাহুবল থানার পুলিশ মুগকান্দি গ্রামের ৭৬ জনের নাম উল্লেখ এবং দুই শ থেকে আড়াই শ জনকে অজ্ঞাত আসামি করে সরকারি কাজে বাধা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে মামলা করে।