বাহুবলে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের দীননাথ ইনস্টিটিউশন মাধ্যমিক স্কুলকে সরকারি করার দাবিতে গতকাল বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। একপর্যায়ে শিক্ষা অফিস ঘেরাও নিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় l ছবি: প্রথম আলো
হবিগঞ্জের দীননাথ ইনস্টিটিউশন মাধ্যমিক স্কুলকে সরকারি করার দাবিতে গতকাল বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। একপর্যায়ে শিক্ষা অফিস ঘেরাও নিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় l ছবি: প্রথম আলো

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গতকাল বুধবার দুপুরে মাধ্যমিক শিক্ষা কার্যালয় ঘেরাও নিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। এ সময় শিক্ষকসহ চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দীননাথ ইনস্টিটিউশন মাধ্যমিক স্কুল সরকারীকরণের দাবিতে গতকাল দুপুরে এলাকাবাসী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করতে ওই কার্যালয়ের সামনে অবস্থান নেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী জিয়া উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে সেখান থেকে বের হয়ে আন্দোলনকারীরা মডেল থানার সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের থানার সামনে থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ দুই-তিনজন শিক্ষার্থীকে মারধর করলে শিক্ষকসহ অভিভাবকেরা প্রতিবাদ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দীননাথ হাইস্কুলের সহকারী শিক্ষক অশোক দাস ও গোলাম মহিউদ্দিন, দশম শ্রেণির ছাত্র জাহাঙ্গীরসহ চারজনকে আটক করে। এ সময় আন্দোলনকারীরা থানা ঘেরাও করে ভাঙচুর শুরু করেন। এ সময় পুলিশ ৯০টি রাবার গুলি ও কাঁদানে গ্যাসের ১৮টি শেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, এসআই মহিউদ্দিন, নুর মোহাম্মদ, কমলা দাস গুপ্তসহ আট পুলিশ সদস্য আহত হন। অপর পক্ষে শিক্ষার্থী, শিক্ষকসহ আহত হন আরও ২২ জন। তাঁদের মধ্যে বাহুবল উপজেলার বড়ইউড়ি গ্রামের আবদুল মতিনকে (৫৫) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শিক্ষার্থী তাইজুল হক (১৮), বিজন বণিক (১৭) রহমান (১৭) ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
আটক অশোক দাস, গোলাম মহিউদ্দিন, জাহাঙ্গীরসহ চারজনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাইয়ের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
শিক্ষক অশোক দাস বলেন, পুলিশ অযথাই তাঁদের সঙ্গে বাড়াবাড়ি করে। তাঁরা শান্তিপূর্ণভাবে শিক্ষা কর্মকর্তার অন্যায়ের প্রতিবাদ করছিলেন।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র খবর পেয়ে বাহুবল থানায় যান। তিনি সেখানে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন, পরে এসআই দেলোয়ার হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে নেন। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদীপ্ত রায়কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়।