বাহুবলে শিশু ধর্ষণের শিকার, আটক ১
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ আজ মঙ্গলবার শফিক মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে গতকাল সোমবার শফিক মিয়া কৌশলে তাকে ডেকে একটি স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে শফিক দৌড়ে পালিয়ে যান। শিশুটিকে প্রথমে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. বজলুর রহমান বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না, সেই প্রতিবেদন এখনো প্রস্তুত হয়নি।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাহুবল থানায় একটি মামলা করেছেন। পুলিশ মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে শফিক মিয়াকে গ্রেপ্তার করেছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।