বাড়তি টোল আদায় যাত্রীদের হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মালামাল পরিবহনে অতিরিক্ত টোল আদায় করছেন ইজারাদার। তাঁর লোকেরা হয়রানি করছেন যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, সরকার-নির্ধারিত টোলের তালিকা থেকে অনেক বেশি টাকা আদায় করছেন ইজারাদার। চোখের সামনে এসব ঘটলেও নিশ্চুপ রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
তবে বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের উপপরিচালক মো. শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদার আলমগীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া গত বছর বিআইডব্লিউটিএ নিজস্ব কুলি নিয়োগ দেওয়ায় কুলিদের দৌরাত্ম্য কমেছে।’
বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ জানায়, সদরঘাটে যাত্রীদের প্রবেশের জন্য ভিআইপি, ২ ও ৩ নম্বর ফটক উন্মুক্ত রাখা হয়েছে। এই তিনটি ফটকে কোনো টোল লাগবে না। এ তিনটি ফটক দিয়ে যাত্রীরা নিজে অথবা বিআইডব্লিউটিএর কুলি দিয়ে মালামাল বহন করতে পারেন। সে ক্ষেত্রে কুলিকে নির্ধারিত হারে মজুরি দিতে হবে। ‘বাণিজ্যিক পণ্য’ পরিবহনের জন্য নির্ধারিত রয়েছে ৪ নম্বর ও পার্কিং ফটক। এ দুই ফটকের ইজারা পেয়েছেন আলমগীর হোসেন। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সদরঘাট টার্মিনালে পণ্য পরিবহনে এক কুইন্টাল পর্যন্ত (এক কুইন্টাল সমান ১০০ কেজি) ১০ টাকা টোল নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া বিভিন্ন পণ্য অনুযায়ী প্রতি মেট্রিক টনের টোল নির্ধারণ করা রয়েছে ১৫ থেকে ৬০ টাকা পর্যন্ত।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ৪ নম্বর ফটকে কোনো যাত্রী মালামাল নিয়ে আসামাত্রই ঘিরে ধরছেন ইজারাদারের লোক ও তাঁদের নিজস্ব কুলিরা। যাত্রীর কাছে ইচ্ছামতো টাকা চাইছেন তাঁরা। তাঁদের দাবিমতো টাকা দিলেই কেবল ছাড়া হচ্ছে, অন্যথায় করা হচ্ছে দুর্ব্যবহার। অনেক যাত্রী ঝামেলা এড়াতে নিরুপায় হয়ে ইজারাদারের লোকদের দাবি অনুযায়ী টাকা পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। মালামালের ওজন করতে বিআইডব্লিউটিএর ওজনমাপক যন্ত্র ব্যবহার ও শুল্ক আদায়ের তালিকা মানছেন না তাঁরা।
ওই দিন বেলা তিনটার দিকে ২০ কেজি ওজনের একটি কাপড়ের গাঁইট নিয়ে ৪ নম্বর ঘাটে প্রবেশ করেন শরীয়তপুরের মুকবুল হোসেন। তাঁর কাছে ১৫০ টাকা টোল দাবি করেন ইজারাদারের লোকেরা। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ৮০ টাকা দিয়ে ছাড়া পান তিনি। নিয়ম অনুসারে, সর্বোচ্চ এক কুইন্টল পর্যন্ত টোল ১০ টাকা। মুকবুল বলেন, ইজারাদারের দাবি করা টাকা না দেওয়ায় তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে।
বেলা সাড়ে তিনটার দিকে ৩০টি প্লাস্টিকের চেয়ার নিয়ে ঘাটে আসেন পটুয়াখালীর হাসিম উদ্দিন। তার কাছে টোল দাবি করা হয় এক হাজার টাকা। পরে ৬০০ টাকা দিয়ে ছাড়া পান। এ ছাড়া চেয়ারগুলো লঞ্চে ওঠাতে ইজারাদারের কুলিকে দিতে হয়েছে আরও ১০০ টাকা। হাসিম উদ্দিন বলেন, ‘ঘাটশ্রমিকদের চাহিদামতো টাকা না দিলে আটকে রাখে। তাই বাধ্য হয়ে টাকা দিই। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে।’ সম্প্রতি পণ্য পরিবহনে এমন অন্তত ৩০ জন যাত্রীর সঙ্গে ইজারাদারের লোকদের বাগ্বিতণ্ডা ও তাঁদের হয়রানি হতে দেখা গেছে। ৪ নম্বর ঘাটে টোল আদায়ে দায়িত্বরত আসাদুজ্জামান দাবি করেন, ‘সরকারের নির্ধারিত পরিমাণ টাকা দাবি করলে যাত্রীরা টাকা কম দেয়। তাই বেশি করে চাই।’
বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী বলেন, ‘অতিরিক্ত টোল আদায়ে কোনো যাত্রী অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ইজারাদারকে শোকজ করা হয়৷ ঘাটের বিভিন্ন স্থানে পণ্য পরিবহনে টোল ও কুলিদের মজুরির তালিকা টানানো রয়েছে।’