বাড়তি পণ্য বহনের দায়ে ৪৪টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় দারোগারহাটে ওজন পরীক্ষা (এক্সেল লোড কন্ট্রোল) স্টেশনে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় অতিরিক্ত পণ্য বহনের দায়ে ১৩টি যানকে জরিমানা ও ৩১টি যানের বিরুদ্ধে মামলা করা হয়।
নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমীন গতকাল দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে ওই এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে তিনি ৫৭টি পণ্যবাহী গাড়ির ওজন পরীক্ষা করেন। এর মধ্যে ৫৪টি গাড়িতে অনুমোদিত ওজনের তুলনায় ৪ থেকে ১৬ টন পর্যন্ত অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। এ ঘটনায় ১৩টি ট্রাক ও কাভার্ড ভ্যানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ৩১টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মোটরযান অধ্যাদেশ-১৯৮৩-এর আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়।
এর আগে গত রোববার দুপুরে একই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন।