বাড়তি ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলার বিভিন্ন খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এসব ঘাটে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। ঘাটভেদে যাত্রী পারাপারে ভাড়া ২-৬ টাকা হলেও ইজারাদার দ্বিগুণের বেশি টাকা আদায় করছেন। জেলা পরিষদের কাছে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না সাধারণ যাত্রীরা।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, এই জেলার ২৩টি ঘাট ইজারা দেওয়া হয়েছে। ইজারার শর্ত থেকে জানা যায়, যাত্রী পারাপারে ভাড়া দুই টাকা থেকে সর্বোচ্চ ছয় টাকা। সাইকেলসহ যাত্রী ভাড়া চার টাকা থেকে সাত টাকা। মোটরসাইকেলসহ যাত্রী ভাড়া আট টাকা থেকে সর্বোচ্চ ১৬ টাকা। শিক্ষার্থীরা বিনা ভাড়ায় পার হতে পারবে। পাঁচ বছরের নিচে শিশু এবং প্রতিবন্ধীরা টোলের আওতামুক্ত। এ ছাড়া একজন যাত্রী ১৫ কেজি পর্যন্ত মাল বিনা ভাড়ায় বহন করতে পারবেন।

গত এক সপ্তাহ বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, জেলার কোনো ঘাটেই ভাড়ার তালিকা টানানো নেই। সব ঘাটেই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ-মুলাদী খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ১০ টাকা। মোটরসাইকেলসহ যাত্রী ৩০-৬০ টাকা। বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনি খেয়াঘাটে যাত্রী ১০ টাকা এবং মোটরসাইকেলসহ যাত্রী পারাপারে ৫০ টাকা, বাকেরগঞ্জের সতরাজ খেয়াঘাটে যাত্রী ১০ এবং মোটরসাইকেল ৫০ টাকা। সদর উপজেলার বেলতলা খেয়াঘাটে মোটরসাইকেলসহ যাত্রী ৩০ টাকা। যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা আদায় করা হচ্ছে। অন্য ঘাটগুলোরও কমবেশি একই অবস্থা।

মুলাদী উপজেলার চরকমিশনারের বাসিন্দা ইমরান হোসেন বলেন, মীরগঞ্জ খেয়ায় শিক্ষার্থী ও শিশুদের কাছ থেকেও আদায় করা হচ্ছে ভাড়া। যাত্রীপ্রতি ১০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ৩০ টাকা দিতে হয়। ইজারাদারের ট্রলার না পেলে আরও বেশি খরচ হয়।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘ছাত্র পরিচয় দিয়ে কলেজের কার্ড দেখিয়েছি, তাতেও কাজ হয়নি। ১০ টাকাই দিতে হয়েছে।’

স্থানীয় বাসিন্দা সেলিম হাওলাদার জানান, মীরগঞ্জ ঘাটে ইজারাদারের ট্রলার আছে মাত্র দুটি। পর্যাপ্ত ট্রলার না থাকার সুযোগ নিচ্ছে অন্য ট্রলার মালিকেরা।

একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. বোরহানউদ্দিন বলেন, ঘাটে এসে ইজারাদারের ট্রলার পাইনি। বাধ্য হয়ে অন্য ট্রলারে উঠতে হয়েছে। ৩০ টাকা ভাড়া দিতে হয়েছে। ১০ কেজি ওজনের ওষুধের কার্টনের জন্য খরচ হয়েছে ৫০ টাকা।

মীরগঞ্জ ঘাটে ইজারাদারের পক্ষে টাকা উত্তোলন করা তৌফিক আহম্মেদ বলেন, ইজারাদারের ট্রলার ছাড়া অন্য ট্রলারে উঠলে অতিরিক্ত অর্থ দিতে হয়।

ট্রলারচালক হেমায়েত উদ্দিন বলেন, ‘ইজারাদারের ট্রলার আছে দুটি। এর বাইরে ৩৫টি ট্রলার চলাচল করে। আমরা যাত্রীদের কাছ থেকে ১০ টাকা এবং মোটরসাইকেল বাবদ ৩০ টাকা নিই। যেহেতু ঘাটের টাকা আগেই দেওয়া হয়, তাই ট্রলার চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।’

এ ব্যাপারে বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘বরিশালের অধিকাংশ খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আছে। সবচেয়ে খারাপ অবস্থা মীরগঞ্জ খেয়াঘাটের। ঘাটে তালিকা রাখার কথা থাকলেও উন্মুক্ত স্থানে কেউ তা রাখছে না। ফলে যাত্রীরা প্রতারিত হচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।’