বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
খুলনার পূর্ব রূপসা ঘাটে মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মো. আল-আমিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম এই জরিমানা করেন।
পূর্ব রূপসা ঘাট-কাওড়াকান্দি পথে মাইক্রোবাসে জনপ্রতি ভাড়া ৩০০ টাকা। কিন্তু গতকাল ভ্রাম্যমাণ আদালত দেখতে পান যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে ৫০০-৫৫০ টাকা। মাইক্রোবাসে যাত্রী ধারণক্ষমতা নয়জন। কিন্তু ওঠানো হচ্ছে ১৪ জন করে। এ ছাড়া যাত্রীদের ফিটনেসহীন লোকাল মিনিবাসে ওঠার জন্যও বাধ্য করা হচ্ছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক কামরুল ইসলাম।
নির্বাহী হাকিম আতিকুল ইসলাম বলেন, মাইক্রোবাসের কাউন্টারম্যান মো. আল-আমিনকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় উপস্থিত ৩৫ যাত্রীকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।
এ ছাড়া বাড়তি ভাড়া ও অতিরিক্ত যাত্রী নেওয়ায় একটি মাইক্রোবাসকে ৫১৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। খুলনা-সাতক্ষীরা
পথে ফিটনেস ও রেজিস্ট্রেশনহীন নয়টি যানবাহনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।