র্যাবের অভিযানে সরকারি চাল জব্দ হওয়ার পর চট্টগ্রামের হালিশহর খাদ্যগুদামের মজুত যাচাই করতে গিয়ে অদ্ভুত তথ্য বেরিয়ে এসেছে। চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি পরীক্ষা করে দেখেছে, গুদামের চাল পাচার হয়নি। উল্টো হিসাবের বাইরে ৬৩ হাজার ১০০ কেজি চাল বেশি রয়েছে। এই চাল কীভাবে গুদামে ঢুকেছে, তা অবশ্য বের করতে পারেনি তদন্ত কমিটি।
খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি হালিশহরের ছোট-বড় ১২৬টি সংরক্ষণাগার (গুদাম) যাচাই করে। গত বুধবার তদন্ত কমিটি আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেয়। গুদামে হিসাবের বাইরে বাড়তি চাল পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ৫০ নম্বর গুদামে বাড়তি চাল পাওয়া গেছে। বাড়তি চাল কীভাবে গুদামে ঢুকেছে, তা গুদাম ব্যবস্থাপকের জানার কথা।
হালিশহরের সরকারি খাদ্যগুদামে থাকার কথা ছিল ৪ হাজার ৯৫২ টন চাল। এই গুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমাকে সোমবার গ্রেপ্তার করে র্যাব। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর গুদামের সহকারী ব্যবস্থাপক ফখরুল আলম পলাতক।
এর আগে গত সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রামের হালিশহর ও সিটি গেট এলাকা থেকে পাচারের সময় সাতটি ট্রাক থেকে ৩ হাজার ৯৬ বস্তা সরকারি চাল জব্দ করে র্যাব। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গত বুধবার সিটি গেট এলাকা থেকে আরও ২৭০ বস্তা চাল জব্দ করে র্যাব। এ নিয়ে তিন দিনে র্যাবের অভিযানে মোট ৩ হাজার ৩৬৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। যার পরিমাণ ১৬৮ দশমিক ৫ মেট্রিক টন।
হালিশহরের সরকারি গুদাম থেকে এসব চাল বাইরে পাচার করা হচ্ছিল বলে প্রথম আলোকে জানান র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ। তিনি গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গুদামের ব্যবস্থাপকসহ পাঁচজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাল পাচারের কথা স্বীকার করেছেন। দুজন ব্যবসায়ীর নামও বলেছেন তাঁরা।
খাদ্য বিভাগ সূত্র জানায়, চলতি জুলাই মাসে হালিশহর খাদ্যগুদাম থেকে সাতটি সরকারি সংস্থাকে চাল বরাদ্দ (রেশনের জন্য) দেওয়া হয়। এসব চাল র্যাবের ওই অভিযানের আগেই গুদাম থেকে সংস্থাগুলো নিয়ে যায় বলে দাবি করেছে খাদ্য বিভাগ। সাতটি সংস্থার মধ্যে রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ক্যাডেট কলেজ, শিল্প-পুলিশ-৩, র্যাব-৭, বর্ডার গার্ড বাংলাদেশ, ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও নৌবাহিনী।
জব্দ করা চাল সরকারি কোনো ত্রাণ সহায়তা কর্মসূচি বা অন্য কোনো সংস্থার জন্য বরাদ্দ করা রেশনের চাল কি না, এ প্রশ্নে র্যাব-৭-এর অধিনায়ক বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্তেই সব বেরিয়ে আসবে।
র্যাবের দাবি অনুযায়ী, জব্দ করার আগে সরকারি ওই চাল নিয়ে যাচ্ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জের ইলিয়াছ মার্কেটের শামীম এন্টারপ্রাইজ ও পাহাড়তলীর ব্যবসায়ী সাহাব উদ্দিন সওদাগরের লোকজন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সাহাব উদ্দিন বলেন, তিনি বৈধভাবে বিভিন্ন সরকারি সংস্থার কাছ থেকে রেশনের চাল কিনেন। জব্দ করা চালের সঙ্গে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক নেই বলে জানান।
এ ছাড়া গতকাল বিকেলে খাতুনগঞ্জের ইলিয়াছ মার্কেটের দোতলায় মেসার্স শামীম এন্টারপ্রাইজে গিয়ে দোকানটি তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নুরু সওদাগর। মার্কেটের অন্য ব্যবসায়ীরা বলেন, রেশনসহ নানা কর্মসূচির চাল বেচাকেনা করে এই প্রতিষ্ঠানটি।
এদিকে হালিশহর ও সিটি গেট থেকে চাল জব্দের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে র্যাব মঙ্গলবার রাতে হালিশহর থানায় আটজনকে আসামি করে মামলা করে। আসামিরা হলেন হালিশহর খাদ্যগুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমা, সহকারী ব্যবস্থাপক ফখরুল আলম, ব্যবসায়ী সাহাব উদ্দিন ও নুরু সওদাগর, ট্রাকচালক শামসুল হুদা, তাঁর সহকারী মো. মিজান, মো. শফিউল ও মো. উসমান। এ ছাড়া বুধবার সিটি গেট থেকে চাল জব্দের ঘটনায় র্যাব বাদী হয়ে ওই দিন রাতে আকবর শাহ থানায় আরেকটি মামলা করে। এ মামলাতেও প্রণয়ন চাকম, ফখরুল আলম ও আবদুল মালেককে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ফখরুল, নুরু সওদাগর, সাহাব উদ্দিন ও আবদুল মালেক পলাতক রয়েছেন।
হালিশহর থানায় করা মামলায় গ্রেপ্তার গুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে গতকাল আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে আবেদনটি করেন এই মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শর্মা। আদালত আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করেন।
আদালতে করা আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য খাদ্যগুদামের ব্যবস্থাপকসহ আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি চাল গুদাম থেকে বাইরে পাচার করে আসছেন।