বাড়ি ঘিরে র‍্যাব, গৃহকর্তা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার একটি বাড়িতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে র‌্যাব-১০-এর একটি দল অবস্থান নিয়ে রয়েছে। আর ওই বাড়ির মালিকও একই সময় থেকে ‘নিখোঁজ’ ছিলেন। পরে তাঁকে আটকের কথা স্বীকার করেছেন র‍্যাব কর্মকর্তারা।

বৃহস্পতিবার রাত ১২টার পর র‌্যাবের একটি দল জামগড়া মোল্লাপাড়া এলাকার নূরুল হক মোল্লার বাড়িতে অবস্থান নেয়। শুক্রবার রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত র‌্যাবের সদস্যরা ওই বাসায় অবস্থান করছিলেন।

নূরুল হকের স্ত্রী মিনারা বেগম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর তিনি ঘুমিয়ে পড়েন। তখন তাঁর স্বামী ঘরেই ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তাঁর স্বামীকে বাসায় পাননি। এরপর ঘর থেকে বের হয়ে তিনি বাড়ির উঠানে র‌্যাব সদস্যদের দেখতে পান।

ওই বাড়িতে অবস্থানে থাকা র‌্যাব-১০-এর এক সদস্য প্রথম আলোকে বলেন, তাঁরা একটি মাইক্রোবাস ও পিকআপের সন্ধান করছিলেন। নূরুল হকের বাড়িতে ওই দুটি যানবাহন পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা সেখানে অবস্থান নিয়েছেন। কর্তৃপক্ষ যানবাহন দুটির কাগজপত্র যাচাই-বাছাই করছেন।

শুক্রবার রাতে র‌্যাব-১০-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন ফারুক বলেন, তাঁরা একটি গাড়িচোর চক্রের সন্ধান করছিলেন। ওই বাড়িতে গাড়ি দুটি পাওয়ায় তাঁদের সন্দেহ ঘনীভূত হয়। ফলে বৃহস্পতিবার রাত থেকে তাঁরা অভিযান শুরু করেন। গৃহকর্তা নূরুল হককে আটক করা হয়েছে। তিনি গাড়িচোর চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি র‍্যাবের। চক্রের আরও কয়েকজন সদস্যকে আটকের চেষ্টা চলছে।

নূরুল হকের শ্যালক আব্দুল গফফার বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাঁর ভগ্নিপতি বাসা থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। এর মধ্যে শুক্রবার রাতে তাঁকে আটকের কথা জানাল র‍্যাব সদস্যরা।