
ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অলোক সেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শহরের চর কমলাপুর এলাকায় নিজ বাড়ির সামনেই গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে তাঁর ওপর এ হামলা হয়।
অলোক সেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। তাঁর স্ত্রী শিখা ঘোষ বলেন, বিকেল চারটার দিকে কে বা কারা তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে বের করে। অলোক বাড়ি থেকে রাস্তায় যাওয়া মাত্রই দুই তরুণ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তিনি হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে শিখা বাইরে ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরেন। তখন ওই দুই তরুণ তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাঁর স্বামীকে আরও কয়েকটি কোপ দিয়ে দ্রুত চলে যায়।
শিখা ঘোষ বলেন, হামলাকারী দুজনের মুখ ঢাকা ছিল। পরে এলাকাবাসী অলোক সেনকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফরিদপুরের সিভিল সার্জন অসিত রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, অলোক সেনের ডান হাতে দুটি ও বাঁ হাতে একটি মারাত্মক জখম হয়েছে। দুই হাতের বাহুর আঘাত বেশি গভীর।
ফরিদপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস বলেন, অলোককে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পথে রওনা হয়েছে।
অস্ত্রোপচারের পর অলোক সেন বলেন, কারা তাঁর ওপর হামলা করেছে তিনি তা জানেন না। তবে তাঁর কোনো শত্রু নেই। তিনি বুঝে উঠতে পারছেন না, কেন এ হামলা হলো।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় বলেন, এই ঘটনার পর এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেন এ ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে তখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
নিন্দা: অলোক সেনের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল দেওয়া ঐক্য পরিষদের এক বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘুদের স্বার্থ, অধিকার রক্ষায় সততার সঙ্গে ভূমিকা পালনের জন্যই অলোক সেনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। বেশ কিছু দিন ধরেই তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। অলোক সেনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয় বিবৃতিতে। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, সাংসদ প্রমোদ মানকিন, সাংসদ ঊষাতন তালুকদার এবং সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
কর্মসূচি: অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আগামী শুক্রবার সারা দেশে একই কর্মসূচি পালন করবে সংগঠনটি।