বাড়ি থেকে ডেকে নিয়ে কৃষককে হত্যা
ফরিদপুরের সালথা উপজেলায় শুকুর মাতুব্বর (৫৫) নামের এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে নিজ বাড়ির পাশের গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শুকুরের স্ত্রী কহিনুর বেগম বলেন, শনিবার রাতে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়িতে আসেন তাঁর স্বামী। এরপর তাঁর মুঠোফোনে কল এলে তিনি ঘর থেকে বের হন। পরে রাতে আর বাড়ি ফেরেননি। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে গতকাল সকালে বাড়ির পাশে মাঠিয়াদী নদীর পাড়ে একটি গাছের ডালে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, শুকুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শুকুরকে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। বিষয়টি তদন্ত করে বলা যাবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।