বাড়ি থেকে তুলে নিয়ে যুবকের পায়ে গুলি!
যশোরের শার্শা থানার পুলিশের বিরুদ্ধে বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবকের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার বাগুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কামরুল ইসলাম (৩৫) পুলিশ হেফাজতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে পুলিশের দাবি, অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে কামরুল নামের এক সন্ত্রাসীর পায়ে একটি গুলি লাগে।
হাসপাতালে চিকিৎসাধীন কামরুল ইসলাম আজ মঙ্গলবার অভিযোগ করেন, ‘আমার বাড়ি যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায়। আমি বাগুড়িয়া গ্রামে ভাড়া বাড়িতে থেকে গরু কেনাবেচার ব্যবসা করি। গতকাল আমিসহ তিনজন আমার বাগুড়িয়ার বাসায় ছিলাম। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ অতর্কিত সেখানে গিয়ে আমাদের তিনজনকে ধরে নিয়ে আসে। এ সময় আমাকে পুলিশের একটি জিপে আর অন্য দুজনকে অপর একটি গাড়িতে তোলা হয়। যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার মালঞ্চি এলাকায় এনে আমার মুখে রুমাল গুঁজে দিয়ে পুলিশ ডান পায়ের হাঁটুর ওপরে বন্দুক ঠেকিয়ে গুলি করে।’
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দাবি করেন, ‘শার্শার বাগুড়িয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে কয়েকজন সন্ত্রাসী জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা আটটি গুলি ছোড়ে। এ সময় একটি গুলি কামরুলের পায়ে বিদ্ধ হয়। পরে কামরুলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর দুজন হলেন বাগুড়িয়া গ্রামের চঞ্চল (৩০) ও মোস্তফা (২৮)। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। কামরুলের বিরুদ্ধে কোতোয়ালি, শার্শা ও ঝিকরগাছা থানায় খুন, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আটটি মামলা রয়েছে। পুলিশের খাতায় তিনি দাগি আসামি।’
পুলিশের অভিযোগ অস্বীকার করে কামরুল দাবি করেন, ‘আমার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। পুলিশ অস্ত্র দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আটটি নয়, আমার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মামলাগুলো রাজনৈতিক ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হয়েছে। আমি আওয়ামী লীগের রাজনীতি করি।’
এ ঘটনায় শার্শা থানার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে আজ মঙ্গলবার দুটি মামলা করেন। মামলায় গ্রেপ্তার তিনজনকে আসামি করা হয়েছে।