বাড়ি থেকে তুলে নেওয়া দুই নারীসহ তিনজন তিন মাস ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন মাস পরও খোঁজ মেলেনি রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলি দক্ষিণপাড়া গ্রামের এক দম্পতি ও তাঁদের গৃহকর্মীর। তাঁরা হলেন আল-আমিন বেগ, তাঁর স্ত্রী জেসমিন নাহার ও গৃহকর্মী নূরুন্নাহার।
পরিবারের অভিযোগ, র‌্যাবের লোক পরিচয়ে সাদাপোশাকের কয়েকজন গত ১৪ জানুয়ারি কয়েক ঘণ্টার ব্যবধানে ওই তিনজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারে আতঙ্ক বিরাজ করছে। ওই তিনজন এখনো নিখোঁজ।
অবশ্য র‌্যাব বলেছে, ১৩ জানুয়ারি মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় র‌্যাব তাদের খুঁজছে।
১৩ জানুয়ারি রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের বাতাসন এলাকায় বাসে পেট্রলবোমা হামলায় ছয়জন নিহত হন। বাতাসন এলাকাটি চিথলি দক্ষিণপাড়া গ্রামের কাছাকাছি। গ্রামটি জামায়াতে ইসলামীর সমর্থক-অধ্যুষিত বলে পরিচিত।
সরেজমিনে জানা যায়, রাতে আল-আমিনের পরিবারের কেউ বাড়িতে থাকেন না। তাঁর মা মাতোয়ারা বেগম প্রথম আলোকে জানান, বাড়ির পুরুষেরা পালিয়ে আছেন। আল-আমিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের সহকারী (মুহুরি) হিসেবে কাজ করেন। ১৪ জানুয়ারি তিনি বাড়িতে দুপুরের খাবার খেতে এসেছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে সাদাপোশাকে একদল লোক বাড়ি ঘিরে ফেলে সব ঘরে ঢুকে আল-আমিনকে খোঁজে। তারা ঘরের জিনিসপত্র এবং কয়েকটি ঘরের দরজা, দেয়াল ভাঙচুর করে। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের র‌্যাবের লোক বলে জানায়।
মাতোয়ারা বেগম বলেন, তারা আল-আমিনকে তাঁর ঘর থেকে বের করে উঠানে এনে বেধড়ক মারপিট করে। একপর‌্যায়ে পিছমোড়া করে হাত ও চোখ বেঁধে তাঁকে বাড়ি থেকে নিয়ে যায়।
গ্রামের বাজারে আল-আমিনের বাবা শাজাহান বেগের পান-সিগারেটের দোকান। তাঁর চার ছেলের মধ্যে আল-আমিন বড়। দ্বিতীয় ছেলে সোবহান বেগ দুবাইপ্রবাসী। অপর দুই ছেলে আবুল খায়ের ও জাকির হোসেনও সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের সহকারী। একমাত্র মেয়ে সফুরনের অন্য গ্রামে বিয়ে হয়েছে। ছেলেদের আলাদা ঘর। পরিবার জানায়, আল-আমিনকে তুলে নিয়ে যাওয়ার পরপরই পুরুষেরা বাড়ি ছেড়ে পালান। মাতোয়ারা বেগম ও তাঁর দুবাইপ্রবাসী ছেলের স্ত্রী আইরিন জানান, ওই দিন রাত সাড়ে সাতটার দিকে ওই লোকগুলো আবার এসে বাড়ির মেয়েদের নিজ নিজ ঘরে যেতে বলে। তাঁরা ঘরে গেলে লোকগুলো আল-আমিনের ঘর থেকে তাঁর স্ত্রী জেসমিন নাহার ও বাড়ির ঠিকা গৃহকর্মী নূরুন্নাহারকে চোখ-হাত বেঁধে নিয়ে যায়। পুরো এলাকা ঘিরে ছিল সাদাপোশাকের সশস্ত্র লোক। তাদের সঙ্গে র‌্যাবের মতো কালো পোশাক পরা কয়েকজন ছিল। এ ঘটনার পর বেশ কিছু দিন তাঁদের এলাকায় যৌথ বাহিনী টহল দেয়।
আইরিন বলেন, ১৫ জানুয়ারি তিনি ও তাঁর শাশুড়ি রংপুর র‌্যাব অফিসে গেলে তাঁদের বলা হয়, সেখানে ওই তিনজনের কেউ নেই। থানায় খোঁজ নিতে বলা হয়। মিঠাপুকুর থানা জানায়, তারা এ বিষয়ে কিছু জানে না। তাঁরা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলেও থানা নেয়নি।
আল-আমিনের দুই ছেলেমেয়ে। ছেলে রাইয়ান স্থানীয় অর্কিড একাডেমিতে তৃতীয় শ্রেণিতে পড়ে। মেয়ে আলপনার বয়স পাঁচ বছর। মাতোয়ারা বেগম জানান, বাবা-মাকে না পেয়ে ছেলেমেয়ে দুটি কেবল কাঁদছে।
নুরুন্নাহারের স্বামী নেই। তিনি সকাল আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয় আল-মদীনা কিন্ডারগার্টেন স্কুলে দপ্তরির কাজ করেন। এরপর বিভিন্ন বাড়িতে ঠিকা গৃহপরিচারিকার কাজ করেন। তাঁর এক মেয়ে সুমী। মিঠাপুকুর মডেল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। সুমি প্রথম আলোকে জানায়, তার মা আল-আমিনের বাড়িতে মাঝেমধ্যে কাজ করতেন। তিনি ওই দিন (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ওই বাড়িতে গিয়েছিলেন ঋণের কিস্তির বিষয়ে কথা বলতে। তিনি আল-আমিনের স্ত্রীর কাছে কিস্তি জমা দিতেন।
আল-আমিনের প্রতিবেশীরা ও পাশের বাজারের বিভিন্ন দোকানের লোকজন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
আল-আমিনসহ তিনজনের নিখোঁজের বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত বলেন, ‘তারা ১৩ জানুয়ারি বাসে পেট্রলবোমা হামলার সঙ্গে জড়িত বলে তথ্য-প্রমাণ আছে। আমরাও তাদের খুঁজছি। ধারণা করছি, তারা আত্মগোপন করে আছে।’
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, তিনি এই থানায় নতুন এসেছেন। থানায় কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।
রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাকের কাছে মিঠাপুকুরের আল-আমিন, তাঁর স্ত্রী ও গৃহকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা তিনি শোনেননি। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।