বাড়ি নির্মাণে বাধা, চলার পথ রুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগ নেতাকে চাঁদা না দেওয়ায় দক্ষিণ যাত্রাবাড়ীর এক ব্যক্তির বাড়ির জায়গা দখল করে টিনশেড ঘর তৈরি করে তাতে মসজিদের সাইনবোর্ড টাঙানো হয়েছে। ওই ব্যক্তির বাড়িতে চলাচলের একটি রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।

ওই ব্যক্তির নাম আশ্রাফ উদ্দিন খন্দকার। অভিযুক্ত যুবলীগ নেতা সায়েম খন্দকার একই বংশের লোক। সায়েম খন্দকার সব অভিযোগ অস্বীকার করেছেন। সায়েম যাত্রাবাড়ী-কুতুবখালী কেন্দ্রীয় পাঁচ পঞ্চায়েতের একজন সরদার।   

গত সোমবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেছেন আশ্রাফ উদ্দিন খন্দকার। তিনি অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তিতে নতুন বহুতল ভবন নির্মাণের সময় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবলীগের ৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি সায়েম খন্দকার। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁকে প্রথমে মারধর করা হয়। পরে জায়গাটি অবৈধভাবে দখল করা হয় এবং বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়।    

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশ্রাফ বলেন, তিনি দক্ষিণ যাত্রাবাড়ীর ১৪৫ নম্বর ঠিকানায় পৈতৃক ও কেনা জায়গায় টিনশেড ঘরে বংশপরম্পরায় বসবাস করে আসছেন। ২০১৫ সালের ডিসেম্বরে টিনশেড ঘরের একাংশ ভেঙে (প্রায় তিন শতক) বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেন তিনি। এ সময় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সায়েম খন্দকার। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।

আশ্রাফ জানান, এরপর ওই জায়গার মালিকানা দাবি করে নিম্ন আদালতে মামলা করেন তাঁর চাচাতো ভাই মজিবুর রহমান। গত বছরের ১৩ এপ্রিল ওই মামলা খারিজ করে দেন আদালত। কারণ, বাদী জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

মজিবুর রহমান খন্দকারও এই রায়ের কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতের ওই রায়ের পর তা পুনর্বিচারের জন্য জেলা জজ আদালতে আবেদন করা হয়েছে। পরে আদালত এই জায়গায় মসজিদের নির্মাণকাজ ও তাঁদের বাড়ি নির্মাণকাজে স্থগিতাদেশ দেন। এই মামলা এখনো চলমান আছে। তিনি বলেন, আশ্রাফ উদ্দিনের চলাচলের পথে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। ওই পথ আগেই বন্ধ ছিল।

আর আশ্রাফ উদ্দিন বলেন, আদালতের রায় পাওয়ার পর গত বছরের ২১ মে জায়গাটি বুঝিয়ে দিতে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। কিন্তু পরদিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান সায়েম খন্দকার ও তাঁর লোকজন। তাঁদের সঙ্গে ছিলেন বাদী মজিবুর রহমানও। তিনি বলেন, ‘তাঁরা আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িতে স্বর্ণালংকার ও মোটা অঙ্কের টাকা লুটপাট করেছেন। পরে ওই জায়গায় বায়তুন নাজাত জামে মসজিদ নামে একটি মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। এর কয়েক দিন পর বাড়ি থেকে বের হওয়ার জন্য উত্তর পাশে চলাচলের পথও বন্ধ করে দেন তাঁরা।’ এ ঘটনার পর আদালতে আরেকটি মামলা করেন আশ্রাফ খন্দকার।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন যুবলীগের ৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি সায়েম খন্দকার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আশ্রাফদের চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব হলে পঞ্চায়েতের কাছে বিচার আসে। পরে ওই পঞ্চায়েতের পাঁচজন সরদার ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করি। বৈঠকের সিদ্ধান্ত আশ্রাফের বিপক্ষে যাওয়া। এতে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন তিনি।’

আদালতের রায় আশ্রাফের পক্ষে যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সায়েম খন্দকার বলেন, ‘আমাদের কাছে বিচার আসছে, আমরা করেছি। আদালত কী রায় দিয়েছেন, তা আমি জানি না।’  

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, আশ্রাফ খন্দকারের টিনশেডের বাসা ঘেঁষে রয়েছে টিনশেড আরেকটি ঘর। সেখানে নামাজ পড়ছেন মুসল্লিরা। উত্তর পাশে গলিতে রয়েছে আরেকটি টিনশেড ঘর। কিন্তু ভেতরে কাউকে পাওয়া যায়নি। ‘মসজিদের’ দক্ষিণ পাশের গলিতেও বাঁশ দিয়ে বেড়া দেওয়া। ফলে আশ্রাফ উদ্দিনের পরিবারের কেউ বাসা থেকে এই পথে বের হতে পারছেন না। তাঁরা বাড়ির উত্তর-পশ্চিম পাশের সরু একটি গলি দিয়ে চলাচল করছেন।

নিম্ন আদালতে রায় পাওয়ার পর আশ্রাফ খন্দকার জমি বুঝিয়ে দেওয়ার জন্য যাত্রাবাড়ী থানায় জিডি করেন। একই সঙ্গে তিনি চাঁদাবাজির কারণে নিরাপত্তা চান। তবে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির অভিযোগের সত্যতা পুলিশ পায়নি। আর তাঁর চলাচলেও তেমন কোনো সমস্যা দেখা যায়নি। তাই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।