বাড়ি ফেরা হলো না ফায়ারম্যান মতিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযানের সময় জঙ্গিদের হামলায় নিহত ফায়ারম্যান আবদুল মতিন। ছবি: সংগৃহীত
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযানের সময় জঙ্গিদের হামলায় নিহত ফায়ারম্যান আবদুল মতিন। ছবি: সংগৃহীত

গতকাল বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে ফায়ার সার্ভিস স্টেশনে চলে যান আবদুল মতিন। রাতে স্ত্রী তানজিলা খাতুন মোবাইলে কল করেন তাঁকে। খেতে আসার কথা বলতেই তিনি জানিয়েছিলেন, ডিউটিতে আছেন। ডিউটি শেষ করে বাড়ি ফিরে খাবেন। কিন্তু ডিউটি শেষ করে আর বাড়ি ফেরা হলো না মতিনের। দায়িত্বরত অবস্থায় জীবন গেল জঙ্গিদের হামলায়।

রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনাকালে নিহত ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আবদুল মতিনের (৪১) ছোট ভাই শাহিন আলম এসব কথা জানান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে ভাইয়ের লাশের জন্য অপেক্ষারত অবস্থায় প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর।

শাহিন আলম বলেন, ‘আমরা গরিব ঘরের সন্তান। বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন। মতিন ভাই ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন। পড়াশোনা আর চাকরিটাই সম্পদ ছিল তাঁর। জমিজমা বলতে কিছু নেই। ছেলেমেয়ে দুইটার এখন কী হবে আল্লাহই জানে।’

আবদুল মতিনের বাড়ি গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামে। তাঁর ছোট ভাই শাহিন আলম জানান, তাঁরা পাঁচ ভাই এবং এক বোন। বোন সবার বড় এবং ভাইদের মধ্যে মতিন সবার বড়। মতিনের মেয়ে জেসমিন আরা নবম শ্রেণিতে পড়ে এবং ছেলে মারুফ ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মতিন গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাতে স্টেশনেই ছিলেন মতিন ভাই। সকাল ৬টা ২০ মিনিটে তাঁদের গাড়ি স্টেশন ত্যাগ করে অভিযানের ওখানে যাওয়ার জন্য রওনা দেয়।’

সহকর্মী নিহতের ঘটনা শুনে ঢাকা থেকে রাজশাহী গেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) এ কে এম শাকিল নেওয়াজ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শাকিল নেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘গোদাগাড়ীতে জঙ্গি আস্তানার খবর পেয়ে পুলিশ সেখানে কাজ করছিল। তারা ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে আমরা সেখানে আমাদের লোক পাঠাই। তারা নির্দিষ্ট দূরত্বে ছিল। কারণ, আমাদের নিকট দূরত্বে কোনো অবস্থাতেই যাওয়ার কথা না। একপর্যায়ে অপারেশনের পরিকল্পনা অনুযায়ী, আমাদের লোকজনকে বলা হয় জঙ্গি আস্তানার মাটির দেয়াল পানি দিয়ে ভাঙার জন্য। ফায়ার সার্ভিসের লোকেরা কাছে যান এবং কাজ শুরু করেন। একপর্যায়ে জঙ্গিরা বের হয়ে আসে এবং আমাদের লোকের ওপর হামলা চালায়। এ সময় বাকি দুজন সরে যেতে পারলেও মতিন পারেননি। তখনই জঙ্গিরা তাঁকে ধরে ফেলে। তাঁর মাথায় বেশ কয়েকটি কোপ দেয়। তাঁর শরীরে দেখলাম স্প্রিন্টারের দাগ। অনেক আঘাত আছে। সেখানে যে জঙ্গি ছিল, তারা অনেক সময় পেয়েছিল মারার জন্য। আমার মনে হয়, এমনটা হতো না যদি ওই রকম প্রতিরোধ ব্যবস্থা থাকত।’

শাকিল নেওয়াজ বলেন, আজকের ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়—এ ধরনের অপারেশনে আরও পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয় থাকা উচিত। আজকের ঘটনা থেকে শিক্ষা হয়েছে, তবে জীবন দিয়ে এভাবে শেখা তিনি কখনো চাননি বলে মন্তব্য করেন। মতিনের পরিবারকে ফায়ার সার্ভিস ও সরকারের তরফ থেকে সহায়তা করা হবে।

দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মতিনের লাশ দেখতে যান রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আবদুল মতিনের মাথায় দুটি কোপের চিহ্ন আছে। বিস্ফোরণে বাম কান নাই হয়ে গেছে। এ ছাড়া শরীরে স্প্লিন্টারের অসংখ্য আঘাত ছিল।’
আরও পড়ুন...
আস্তানা থেকে বেরিয়ে কুপিয়ে হত্যা ফায়ার সার্ভিসের কর্মীকে