বাড়ি ফেরার আগে সর্বস্ব খোয়ালেন সৌদিপ্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে সৌদিপ্রবাসী আবদুল হাই ওরফে রিপন (৩২) ও তাঁর ভাইকে কুপিয়ে সর্বস্ব লুটে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
গত শনিবার রাত নয়টার দিকে সোনাগাজীর মধ্যমচর চান্দিয়া গ্রামের ভূঞারহাট ঈদগাহ নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
আবদুল হাইয়ের বাড়ি উপজেলার মধ্যমচর চান্দিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৌদিপ্রবাসী আবদুল হাই গত শনিবার বিকেলে দেশে ফিরে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। রাত নয়টার দিকে ভূঁঞারহাট ঈদগাহ এলাকায় পৌঁছালে আট-দশজন ছিনতাইকারী মাইক্রোবাসের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাঁকে ও তাঁর ভাই মিলনকে পিটিয়ে ও কুপিয়ে মালামাল লুটপাট শুরু করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে ছিনতাইকারীরা মালামাল নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দুই ভাইকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁদের ফেনীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
আবদুল হাইয়ের দাবি, ছিনতাইকারীরা অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
এ ঘটনার আগে একই স্থানে তিনটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের টাকা ও মুঠোফোন লুট করে ছিনতাইকারীরা। গোপাল দাস নামের এক যাত্রী বলেন, ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে তাঁর পকেটে থাকা ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া ইউছুফ, রাশেদ ও গণেশ নামের অন্য যাত্রীর টাকা ও মুঠোফোন নিয়ে গেছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা বলেন, আহত প্রবাসী সুস্থ হলে মামলা করবেন বলে তাঁদের জানিয়েছেন।