বাড়ি ফেরার পথে ব্যবসায়ী খুন, টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাড়বকুণ্ড বাজার এলাকায় এক ব্যবসায়ীর মুখ ও পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে মো. আবদুস শহীদ (৬৫) নামের ওই ব্যবসায়ীর লাশ দেখতে পান স্বজনেরা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত ব্যবসায়ীর বাড়ি বাড়বকুণ্ড দক্ষিণবাজার এলাকায় কাকলি ক্লাবের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে। বাড়বকুণ্ড বাজারে শহীদুল্লাহ স্টোর নামে ওই ব্যবসায়ীর বড় একটি মুদির দোকান রয়েছে।

আবদুস শহীদের ছেলে নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে তাঁদের দোকানের বেচাকেনা শেষ হয়। পরে একসঙ্গে বাড়ি ফিরছিলেন তাঁরা। বিক্রির এক লাখ টাকা, বাড়ির জন্য সেমাইসহ অন্য জিনিসপত্র নিয়ে তাঁর বাবা বাড়ির দিকে যান আর তিনি লন্ড্রি থেকে কাপড়চোপড় আনতে যান। তাঁদের বাড়ি মহাসড়ক থেকে অন্তত ৫০ গজ দূরে।

নাজিম উদ্দিন বলেন, মহাসড়কের পাশে থাকা ওয়ার্কশপ দোকানের পেছনে তাঁর বাবাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে। ধরা পড়ার আশঙ্কায় খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাত তিনটার দিকে বাড়ি ফিরে বাবাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। ভোর পাঁচটার দিকে তাঁর বোন রুমি আক্তার দোকানের পেছনে পুকুরের ধারে জঙ্গলে লাশটি দেখতে পান।

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি প্রথম আলোকে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তাঁর ধারণা, বাইরের কোনা ছিনতাইকারী বা ডাকাত নয়, স্থানীয় বখাটেরা ছিনতাইয়ের উদ্দেশে আবদুস শহীদকে আক্রমণ করেন। চিনে ফেলায় তাঁকে খুন করা হয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। চাকু, ছুরি কিংবা বড় স্ক্রু ড্রাইভার দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত শহীদের ছেলে নাজিম উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করবেন।