বাড়ি বরাদ্দ জালিয়াতি, চারজনের বিরুদ্ধে মামলা হচ্ছে
জালিয়াতির মাধ্যমে বাড়ি বরাদ্দের অভিযোগে যশোর হাউজিং এস্টেটের দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার কমিশন মামলার অনুমোদন দেয় বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা সংশ্লিষ্ট থানায় মামলা করবেন বলে সূত্র জানিয়েছে।
যাঁদের বিরুদ্ধে মামলার অনুমোদন হয়েছে তাঁরা হলেন, যশোর হাউজিং এস্টেটের প্রশাসনিক কর্মকর্তা আবদুস ছাত্তার ও মো. মোক্তার আলী এবং যশোরের বাসিন্দা সেলিনা ইসলাম ও রেজাউল ইসলাম।
সূত্র জানায়, সেলিনা ইসলাম ও রেজাউল ইসলাম জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিলপত্র উপস্থাপন করে যশোর হাউজিং এস্টেটের বি/১৬৬/১ নম্বর প্লট এবং ডি/১৯২ নম্বর বাড়ি অবৈধভাবে বরাদ্দ নেন। হাউজিং এস্টেটের দুই কর্মকর্তা নিজেরা লাভবান হতে ওই দুজনের সঙ্গে যোগসাজশে অবৈধ বরাদ্দের ক্ষেত্রে ভূমিকা পালন করেন। দুদকের অনুসন্ধানে বিষয়টি প্রমাণ হওয়ায় চারজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন।
২০১২ সালের ডিসেম্বরে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। সংস্থার যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সৌরভ দাস অভিযোগটি অনুসন্ধান করে মামলার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়।