বাড়ি বাড়ি চাঁদা তুলে সাংসদকে সোনার চেইন

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সাংসদ রণজিৎ কুমার রায় এক অনুষ্ঠানে এবার এক ভরি ওজনের সোনার চেইন নিয়েছেন। বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন তাঁর গলায় ওই চেইন পরিয়ে দেন। গতকাল রোববার দুপুরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রণজিৎ কুমার রায় সাংসদ হওয়ার পর গত সাত মাসে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন অনুষ্ঠান থেকে একটি সোনার নৌকা, একটি রুপার নৌকা ও তিনটি সোনার চেইন নিয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাঘারপাড়া উপজেলার ভুলবাড়িয়া ও গলগলিয়া গ্রামের ১৩৫ বাড়িতে গতকাল বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের খরচ ও সাংসদকে সোনার চেইন দেওয়ার জন্য ওই বাড়িগুলো থেকে ৭০০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে।
প্রত্যেক বাড়ি থেকে টাকা নিয়ে ওই চেইন উপহার দেওয়া হয়েছে বলে স্বীকার করে অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতা ধলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য অভিরাম বিশ্বাস বলেন, ‘দুই গ্রামের ১৩৫ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার আমরা খুশি হয়ে এমপি সাহেবকে এক ভরি ওজনের সোনার চেইন দিয়েছি।’