বাড়িওয়ালীর বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ
পাবনার ঈশ্বরদী শহরে ভাড়াটিয়ার দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এই অভিযোগে বাড়িওয়ালী আছিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে শহরের সাঁড়াগোপালপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী কয়েকজন লোক প্রথম আলোকে বলেন, মেহেদীর মা নূপুর খাতুন একজন গৃহপরিচারিকা। তিনি শহরের সাঁড়াগোপালপুরের নতুনপাড়ায় আছিয়া খাতুনের স্বামী কুপনের বাড়িতে ছেলেকে নিয়ে ভাড়া থাকেন। আজ ভোরে নূপুর ছেলেকে আছিয়ার কাছে রেখে শহরের পিয়ারপুরে এক বাড়িতে কাজে যান। সে কাজে যাওয়ার পর তাঁর ছেলে মেহেদী অনেক কান্নাকাটি করছিল। তাই তাকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে মেহেদীর মা আশঙ্কা করছেন। পরে খবর দেওয়া হলে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে গিয়ে আছিয়াকে গ্রেপ্তার করে।
নিহত শিশুর মা নূপুর জানান, তাঁর স্বামী ইমরান গত বছর মারা যান। এরপর থেকে তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। প্রতিদিনের মতো আজও তিনি ছেলেকে বাড়িওয়ালার স্ত্রীর কাছে রেখে কাজে যান। এ সময় ছেলে কান্না করলে আছিয়া তাঁর সামনেই ছেলেকে চড় দেন। তা দেখেও বাধ্য হয়ে তিনি কাজে চলে যান। পরে তিনি ছেলের মৃত্যুর খবর পান।
নূপুর আরও বলেন, ছেলেকে দেখভালের জন্য তিনি প্রতি মাসে আছিয়াকে ঘর ভাড়ার সঙ্গে আরও কিছু টাকা বেশি দিতেন। মেহেদীকে হত্যার অভিযোগে তিনি আছিয়ার বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, নিহত মেহেদীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আছিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যার কথা স্বীকার করেছেন। আছিয়ার স্বামী কুপন একটি খুনের মামলায় কয়েক মাস ধরে পাবনা জেলহাজতে আটক রয়েছেন।