বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে বিরোধের জের ধরে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ২০টি টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন-চার দিন ধরে রাতে এসব হামলা চালানো হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গত জুনে ইউপি নির্বাচনে ঝাউদিয়ায় আওয়ামী লীগের প্রার্থী বখতিয়ার হোসেন দলের বিদ্রোহী প্রার্থী কেরামত আলীর কাছে পরাজিত হন। নির্বাচনে এলাকার যেসব মানুষ বখতিয়ার হোসেনের পক্ষে কাজ করেছেন, তাঁদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটছে এলাকায়। সর্বশেষ গত সোমবার দিবাগত রাত একটার দিকে কেরামতের সমর্থকেরা আলীনগর গ্রামে হামলা চালায়।
আলীনগর গ্রামের মুদিদোকানি তৈয়ব আলী বলেন, গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। তাঁর দোকান ভাঙচুর করে সব মালামাল লুট করে নিয়ে গেছে। এতে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তাঁর তিন ভাইয়ের বাড়ির সব টিন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে ফেলা হয়েছে।
আলীনগরের পাশের চাঁপাইগাছি গ্রামেও কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বেশির ভাগ বাড়ির টিন কুপিয়ে ঝাঁজরা করে দিয়েছে হামলাকারীরা। বৃষ্টির হাত থেকে বাঁচতে এখন অনেকেই টিনের ওপর পলিথিন দিয়ে রেখেছেন।
চাঁপাইগাছি গ্রামের আইয়ুব আলী ও নায়েব আলী বলেন, নির্বাচনে কেরামতের পক্ষে কাজ না করায় তিনি ক্ষুব্ধ হয়ে এসব কাজ করাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আমিরুল ইসলাম, তাইজাল আলী ও রেজাউল ইসলাম বলেন, উদয়নগর, মাছপাড়া, আলীনগর, কাশিনাথপুরসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালানো হচ্ছে। গত মাসে নজরুল ইসলাম ও তাসের নামের দুজনকে লোকজনের সামনেই কুপিয়ে আহত করে কেরামতের লোকজন।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আলীনগর গ্রামের মোড়ে মোড়ে লোকজনের জটলা। অনেকে বাড়ি-ঘর থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন। রাস্তায় পুলিশের দুই সদস্য টহল দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, এলাকায় চরমপন্থীরা ঘোরাফেরা করছে। যারা একসময় পলাতক ছিল, তারা গ্রামে প্রবেশ করেছে।
ইউপি চেয়ারম্যান কেরামত আলী বলেন, তাঁর বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তি নেই। তিনিও আওয়ামী লীগের রাজনীতি করেন। এ ধরনের ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, এটা দীর্ঘদিনের সামাজিক বিরোধ। দু-একটা ছোট ঝামেলা হয়। এখন তা সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে আছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। এলাকায় পুলিশের টহল নিয়মিত করা হয়েছে।