বাড়িঘরে ভাঙচুর-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধের জের ধরে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ নামাপাড়া এলাকায় কয়েকটি বাড়িঘরে প্রতিপক্ষ হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট এবং নারীদের শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে মো. সাহেদ মিয়া থানায় এজাহার দায়ের করেছেন।
বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। এতে লিখিত বক্তব্য পড়েন সাহেদ মিয়া। তিনি বলেন, প্রতিবেশী আবদুল হেকিমের পরিবারের সঙ্গে তাঁদের একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলা চলছে। এর জের ধরে ২৩ মার্চ আবদুল হেকিমের লোকজন হামলা চালিয়ে তাঁদের কলাবাগান থেকে ৩০টি কলার ছড়া নিয়ে যায়। পরদিন রামদা, চায়নিজ কুড়াল, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাঁদের পক্ষের ১১টি ঘর ও কলাবাগান কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। এ ছাড়া তাঁর ঘরের আলমারি থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা, ছোট ভাই আবদুল মজিদের ঘর থেকে ৮০ হাজার টাকার মালামাল ও চাচাতো ভাই ছলিম উদ্দিনের ঘর থেকে ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে সব মিলিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলায় ছোট ভাই নজরুল ইসলামের স্ত্রী লায়লা আক্তার, ছলিম উদ্দিনের স্ত্রী মোছা. জাহেরা, আলমাছ মিয়ার স্ত্রী শিল্পী আক্তার ও আরমান মিয়া আহত হন। এ ছাড়া কয়েকজন নারীর শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় মামলা না করার জন্য হুমকিও দেওয়া হয়।
ওই ঘটনায় সাহেদ মিয়া বাদী হয়ে আবদুল হেকিম (৪৫), তাঁর ভাগনে ফাইজুল মিয়াসহ (৩০) ২১ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাহেদ মিয়ার স্ত্রী নাছিমা আক্তার, ভাই নজরুল ইসলাম, ছলিম উদ্দিন, তাঁর স্ত্রী মোছা. জাহেরা প্রমুখ।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল চেষ্টা করেও আবদুল হেকিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ভাগনে ফাইজুল মিয়ার মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’