বাড়িতে অগ্নিসংযোগ, দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চিৎলিয়া জাঙ্গালীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত দুজন হলেন বশির মিয়া (৩৮) ও তাঁর ভাই নাজির মিয়া (৩৬)। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বশিরের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জমি নিয়ে জাঙ্গালীয়া গ্রামের বশির মিয়ার সঙ্গে একই গ্রামের নাসির মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে উভয় পক্ষের একাধিক মামলা চলছে। এই প্রেক্ষাপটে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নাসিরের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল বশিরের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। বাধা দিতে গেলে বশির ও তাঁর ভাই নাজিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় একজন নারীসহ অন্তত পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়েছেন। পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।