নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের চৌধুরীরহাট বাজারে যুবলীগের নেতা আবু সুফিয়ান হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ জনতা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আজাদের ভাই এয়াছিনের বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে চৌধুরীরহাট বাজারে ১০-১৫ জন সন্ত্রাসী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ানকে গুলি করে হত্যা করে।
চর পার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল প্রথম আলোকে বলেন, আজাদ আওয়ামী লীগের নেতা মারুফ হত্যা মামলায় কারাগারে ছিলেন। গত বুধবার তিনি জামিনে এসে আবু সুফিয়ানকে হত্যা করেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ক্ষুব্ধ জনতা আজাদের ভাই এয়াছিনের ঘরে আগুন দেয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। কিন্তু এর আগেই এয়াছিনের পাকাঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কেউ ঘরে ছিলেন না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি বলেন, সুফিয়ান হত্যাকাণ্ডের পর রাতেই অভিযুক্ত আজাদ ও তাঁর ভাই এয়াছিনকে ধরার জন্য তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পরে এয়াছিনের বসতঘরে তল্লাশি করে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, এয়াছিনের ঘরে অস্ত্র তৈরি করা হতো।
পুলিশ জানায়, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি এলজি, নয়টি গুলি, একটি লোহা কাটার ব্লেড ও বিভিন্ন আকৃতির সাতটি ছোরা।
ওসি বলেন, হত্যাকাণ্ড ও অস্ত্র জব্দের ঘটনায় আজাদ ও তাঁর ভাই এয়াছিনসহ অন্য সহযোগীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।