বাড়িতে আগুন দেওয়ার মামলা আসামি ৬০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে যুবক খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে। মামলায় ৩২ জনের নাম উল্লেখ করে ৬০০ জনকে আসামি করা হয়।
গত সোমবার রাতে হারতা ইউনিয়নের জামবাড়ী গ্রামের সুখদেব মিস্ত্রিকে (২২) হত্যা করা হয়। এ ঘটনায় ওই গ্রামের এক তরুণী ও তাঁর পরিবারকে দায়ী করেন নিহত ব্যক্তির স্বজনেরা। হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী মঙ্গলবার মেয়েটির বাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুন দেন। অভিযুক্ত ব্যক্তিদের ওপর হামলা করারও চেষ্টা করা হয়।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে উজিরপুর থানায় মামলা করেন। মামলায় সুখদেবের চাচাতো ভাই অমৃত মিস্ত্রিকে প্রধান আসামি করা হয়। পুলিশ গতকাল বুধবার ঘর পোড়ানোর মামলার এজাহারভুক্ত অমৃত মিস্ত্রি, মৃণাল বিশ্বাস ও শৈশব বল্লবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল জেলহাজতে পাঠিয়েছে।
অন্যদিকে সুখদেব হত্যা মামলায় মঙ্গলবার সন্ধ্যায় মামলা করেন তাঁর বাবা সুপেন মিস্ত্রি। সে মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত মেয়েটিকে পরিবারের অন্য তিন সদস্যসহ গ্রেপ্তার করেছে।
থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, হত্যা ও বিশৃঙ্খলা দুটি ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।