বাড়িতে ডাকাতি করতে এসে গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলায় ডাকাতি করতে এসে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত নিহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর হাটশাপিলা গ্রামে ফজলে আজিজ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক (৪০) বলে জানিয়েছেন গ্রামবাসী।
গ্রামবাসী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল আজিজ চৌধুরীর বাড়িটি ঘিরে ফেলে। কয়েকজন ডাকাত বাড়িটির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে মূল ফটকের তালা কেটে দ্বিতীয় তলায় উঠে যায়। শব্দ পেয়ে আজিজ চৌধুরীর ছেলে সাজিদুর রহমান ঘরের বাইরে আসেন। তখন ডাকাতেরা তাঁকে ধরে মারধর শুরু করে। এ সময় পাশের ঘরে থাকা সাজিদুরের বড় ভাই শাহাদুর রহমান জানালা দিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দেন। তাঁর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও ফাঁকা গুলি ছোড়ে। ডাকাতদের প্রতিরোধের মুখে গ্রামবাসী পিছু হটেন। এখন ডাকাতেরা সাজিদুর ও শাহাদুরকে মারধর করে বেঁধে রেখে ঘরের আসবাব, টাকা ও স্বর্ণালংকার লুট করতে থাকে। এ সময় ফজলে আজিজ চৌধুরী ঘরের জানালা দিয়ে তাঁর লাইসেন্স করা বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। এক প্রতিবেশীও তাঁর লাইসেন্স করা বন্দুক দিয়ে ফাঁকা গুলি করেন। অবস্থা বেগতিক দেখে ডাকাতেরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী বাড়িতে ঢুকে নিচতলায় এক ডাকাতকে রত্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সাজিদুর রহমান বলেন, ‘২০-২৫ জন সশস্ত্র ডাকাত আমাদের বাড়িটি ঘেরাও করে রাখে। কয়েকজন ডাকাত বাড়ির দ্বিতীয় তলায় এসে আমার বড় ভাইকে মারপিট করে বেঁধে রেখে ৪০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে। গ্রামবাসী আমাদের রক্ষা করতে এগিয়ে এলে ডাকাতেরা ফাঁকা গুলি ও ককটেল ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। আমার বাবা কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন। তখন ডাকাতেরা পালিয়ে যায়। গ্রামবাসী এসে বাড়ির নিচতলায় গুলিবিদ্ধ এক ডাকাতকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।’
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন ডাকাত মারা গেছে। ঘটনাস্থল থেকে বন্দুকের গুলির পাঁচটি খোসা ও ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফজলে আজিজ চৌধুরীর ছেলে শাহাদুর রহমান ডাকাতি মামলা করেছেন।