বাড়িতে ঢুকে ককটেল নিক্ষেপ, কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সন্দেহভাজন ডাকাতদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক কৃষক নিহত ও একজন আহত হয়েছেন। গত বুধবার রাত দেড়টার দিকে চিতলা ইউনিয়নের কুলপালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (৫০)। আহত ব্যক্তি হলেন তাঁর চাচাতো শ্যালক লিটন হোসেন (৩৫)। তাঁরা কুলপালা গ্রামের বাসিন্দা এবং দুজনই প্রান্তিক কৃষক। লিটন হোসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন বগাদি গ্রামের আনসার আলী (৪৮), ভোগাইল বগাদি গ্রামের জাকির হোসেন (৪০), চিতলা গ্রামের হাশেম আলী (৪২), ইসমাইল হোসেন (৩৮) ও বড়গাংনী ভিটাপাড়া এলাকার আবদুল আলিম (৪৫)।
হতাহত ব্যক্তিদের স্বজন ও প্রতিবেশী সূত্র জানায়, বুধবার মধ্যরাতে একদল লোক নাসির উদ্দিনের বাড়ির পেছনে দাঁড়িয়ে ডাকাতি করার জন্য সলাপরামর্শ করছিল। ঘুম ভেঙে তা শুনতে পেয়ে নাসির ‘চোর’ বলে চিৎকার দেন। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির ভেতরে ঢুকে নাসিরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে তিনি জখম হন। প্রতিবেশীরা সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে ডাকাতেরা আরও একটি ককটেল নিক্ষেপ করলে লিটন আহত হন। আহত অবস্থায় দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজীবুল ইসলাম নাসির হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনসহ পুলিশ কর্মকর্তারা হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
চিকিৎসক রাজীবুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই নাসির মারা গেছেন। লিটনের অবস্থা আশঙ্কামুক্ত।
এলাকার কয়েকজনের ধারণা, হাঁস উৎপাদন খামার জাকির অ্যান্ড ব্রাদার্সের মালিক জাকির হোসেনের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ওই দলটি এসেছিল।
জাকির হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে এলাকায় অচেনা মানুষের আনাগোনা বেড়ে গেছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ককটেল বিস্ফোরণে হতাহতের ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।