বাড়িতে ঢুকে কুপিয়ে সাংবাদিক হত্যা
বাঁচানো গেলো না দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম দৈনিক সমকাল পত্রিকার চুয়াডাঙ্গার জীবননগর প্রতিনিধি সাংবাদিক আবু সায়েমকে (৩৫)। আজ বুধবার বিকেলে মারা গেলেন ঢাকার মহাখালীর বক্ষ ব্যাধি হাসপাতালে।
আবু সায়েমের ভাই হাশেম আলীর ভাষ্য, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জীবননগর পৌর এলাকার পেয়ারাতলার বাড়ির দোতলায় একটি কক্ষে স্ত্রী-সন্তান নিয়ে সায়েম শুয়েছিলেন। এ সময় স্ত্রী পাশের কক্ষে কারো উপস্থিতি টের পেয়ে দরজা খোলেন। এ সময় লালসালু পরা মধ্যবয়সী এক যুবককে দেখে চিৎকার করেন। তখন সায়েম কক্ষ থেকে বাইরে আসতেই যুবক তাঁর বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এসে যুবকের আঘাতে বাবা বাচ্চু মোল্লাও রক্তাক্ত জখম হন। এর মধ্যেই তাড়া খেয়ে সঙ্গে থাকা লালসালু ও ছুরি ফেলে যুবক পালিয়ে যান।
হাশেম আরও বলেন, এ ঘটনার পর গুরুতর আহত সায়েম ও তার বাবাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় সায়েমকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ভোররাতে তাঁকে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ভোরের দিকে রাতে রাজিব আহমেদ নামে এক যুবককে আটক করা হয়েছে। নিহত সায়েমের স্ত্রী ও মা রাজিবকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছেন। এ ঘটনার পর হাশেম আলী রাজিবকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন।
এদিকে সায়েমের মৃত্যুর খবরে তাঁর সহকর্মী সাংবাদিকেরা জীবননগর চৌরাস্তায় সড়ক অবরোধ করেন। পরে সেখানে জীবননগর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।