বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হাজমপাড়া গ্রামে আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে মোহাম্মদ হাশেম (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে। নিহত হাশেম টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়া গ্রামের নজির আহমদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ রাতে মোহাম্মদ হাশেম একই ইউনিয়নের হাজমপাড়া এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ সময় হঠাৎ করে কয়েকজন অস্ত্রধারী লোক গুলি করতে করতে বাড়িতে ঢুকে। হাশেম সামনের দিকে এগিয়ে গেলে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হাশেমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগে হাশেমের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় একাধিক গুলির চিহ্ন রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।