বাড়িতে ঢুকে মারধর করে নগদ টাকা ও সোনা লুট
কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ছৈনম্মারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, দুর্বৃত্তদের কয়েকজনের গায়ে পুলিশের পোশাক ছিল। মারধরে গৃহবধূসহ পাঁচজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন রেহেনা বেগম (৩০), তাঁর মেয়ে জান্নাত বেগম (১২), ছেলে মোহাম্মদ ইউছুপ (১৬), মো. ইউনুস (১০) ও জুনাইদ (৮)। আহত ব্যক্তিদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, শনিবার রাতে ছৈনম্মারঘোনা এলাকায় চকরিয়া থানার কোনো পুলিশ যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিএমচর ইউনিয়নের ছৈনম্মারঘোনা এলাকার নুরুল আলমের স্ত্রী রেহেনা বেগম বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ১২-১৩ জন দুর্বৃত্ত তাঁর বাড়িতে হানা দেয়। ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে তাঁদের মারধর করে নগদ ৪০ হাজার টাকা ও এক ভরি সোনা লুট করে দুর্বৃত্তরা।