বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে মারধর
বরগুনার পাথরঘাটায় গত শুক্রবার বাড়িতে ঢুকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার শাহ আলম খান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ওই ছাত্রীর পরিবারের লোকজন জানান, শুক্রবার বিকেলে তাঁরা পার্শ্ববর্তী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। সে সময় মেয়েটি বাড়িতে একা ছিল। এ সুযোগে বাড়িতে ঢুকে ওই ছাত্রীকে চুল ধরে মারধর করেন শাহ আলম খান (৪৮)। এ সময় শাহ আলমের সঙ্গে তাঁর ছেলে বেল্লাল খানও (২৫) ছিলেন। খবর পেয়ে তাঁরা (পরিবারের লোকজন) বাড়িতে এসে ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের অভিযোগ, তিন মাস ধরে বিদ্যালয়ের যাওয়া-আসার পথে স্থানীয় ইউসুফ মৃধা (৩২) ও বেল্লাল খান ছাত্রীটিকে উত্ত্যক্ত করছিলেন। তবে উত্ত্যক্ত করার কথা অস্বীকার করেছেন ইউসুফ মৃধা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. আরিফুর রহমান বলেন, মেয়েটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, মেয়েটিকে মারধরের ঘটনায় শহ আলম নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ছাত্রীর পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।