বাড়িতে বসে হেরোইন খাওয়ার সময় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরে হেরোইন সেবনের সময় মো. বাবু হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে পৌর সদরের পশ্চিম আমুট্ট মহল্লার নিজ বাড়িতে হেরোইন সেবনের সময় ভটভটিচালক বাবু হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড ও দুই হাজার জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুপুরে বাবু হোসেন তাঁদের বাড়িতে বসে হেরোইন সেবন করছিলেন। এ সময় বাড়িতে গিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ তাঁকে এক বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাবু হোসেনের মা সুলতানা বলেন, ‘বাবু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ছিল। সেখান থেকে আসার কিছুদিন পর আবারও নেশায় জড়িয়ে পড়ে। সে জানিয়েছিল, রোজগার করলে আর নেশা করবে না। এ কারণে অনেক কষ্টে তাঁকে একটি ভটভটি কিনে দিয়েছিলাম। এখন সে যা রোজগার করে তার বেশি অর্ধেকই নেশা খেয়ে ব্যয় করে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বাবু হোসেন দীর্ঘদিন ধরে হেরোইন ও ইয়াবা সেবন করে আসছিলেন। তাঁর অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদক সেবন করার সময় হাতেনাতে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে সাজা দিয়েছেন।