বাড়িতে হামলা, অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত শনিবার আওয়ামী লীগের এক নেতার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালালে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামে গতকাল রোববার তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
মৃত নুরু প্রধান (৬০) খাগকান্দা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
নুরু প্রধানের মেয়ে বেবী আক্তার বলেন, শনিবার বিকেলে সন্ত্রাসীরা তাঁর বাবার বাড়িতে হামলা চালাতে যায়। হামলাকারীদের আচরণ দেখে ভয়ে তাঁর বাবা হৃদ্রোগে আক্রান্ত হন। বাড়ির লোকজন তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তিনি মারা যান।
এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে একটি চক্র এ হামলা চালিয়েছে। এর আগে ২৮ নভেম্বর তাঁরা নুরু প্রধানের ভাতিজা বাবুল, রোস্তম আলী ও আলী হোসেনের বাড়িতে হামলা চালায়। ওই সময় বেবীসহ ১৫ জন আহত হয়।
বেবী অভিযোগ করে বলেন, আড়াইহাজারের আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা তাঁদের বাড়িঘরে ২৮ নভেম্বরের হামলা ও লুটপাটের বিচার করবে বলে আশ্বাস দিয়ে প্রথমে মামলা না করার জন্য চাপ দেন। পরে উল্টো তাঁর বাবা নুরু প্রধানকে হুমকি দেন। এতে ওই সন্ত্রাসীরা একের পর এক হামলা ও লুটপাট চালাচ্ছে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, নুরু প্রধান হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় মামলা করার মতো কোনো ঘটনা ঘটেনি। তাই মামলা হয়নি।