বাড়িতে হামলা, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের নতুন সমাজ এলাকার একটি বাড়িতে দুর্বৃত্তদের হামলায় শিশু ও নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

গুলিতে আহতরা হলেন: ইয়াছমিন আক্তার (১০ মাস), জেসমিন আক্তার (১৭), ফাতেমা আক্তার (২৫), আমির হোসেন (২০) ও ফারুক হোসেন (৫০)। রাতেই তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন সাইফুল ইসলাম (৬০), শাকিল আহমেদ (৭), মনিরুল ইসলাম (২২) ও বিবি কুলসুম (৫০)। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, শটগানের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে আহত সাইফুল ইসলামের ভাষ্য, গতকাল দিবাগত রাতে তাঁদের বাড়ির দরজা ও জানালায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ডাকাতেরা। এর পর দরজা ভেঙে ভেতরে ঢোকে ১৫-১৬ জনের একদল ডাকাত। পরে তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে ও পরে কুপিয়ে আহত করে। আর ঘরে লুটপাট চালায়। এতে তিনিসহ পরিবারের দশজন আহত হন। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
তবে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আনোয়ার হোসেন বলেন, যে পরিবারটি দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে, তাঁরা অর্থনৈতিকভাবে ততটা শক্তিশালী নন যে ডাকাতদের নজরে পড়তে পারেন। এ ঘটনার সঙ্গে স্থানীয় বিরোধ থাকতে পারে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা হাসান বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি।