বাড়িতে হামলা, স্ত্রী খুন, স্বামী আহত
জমি নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত শুক্রবার গভীর রাতে বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে এক গৃহবধূ নিহত ও তাঁর স্বামী আহত হয়েছেন। আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত গৃহবধূর নাম হেলেনা খাতুন (৩৫)। তাঁর স্বামী কোরবান আলী (৪৫)। তাঁদের বাড়ি শায়েস্তাবাদ গ্রামে।
পুলিশ, নিহত গৃহবধূর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দেড় বছর আগে একই গ্রামের মোজাহার হোসেনের মেয়ে মলিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন কোরবান আলী। এ সময় তিনি মলিনার নামে এক বিঘা জমি লিখে দেন। কিছুদিন পর মলিনার কাছ থেকে ওই জমি লিখিয়ে নেন কোরবান। বিষয়টি জানাজানি হলে মলিনার বাবার বাড়ির স্বজনদের সঙ্গে কোরবানের পরিবারের দ্বন্দ্ব তৈরি হয়। একপর্যায়ে মোজাহার হোসেন কোরবানের বাড়ি থেকে মলিনাকে নিয়ে এসে নানার বাড়ি পাঠিয়ে দেন এবং ওই জমির নিয়ন্ত্রণ নেন। গত সপ্তাহে ওই জমির দখল নিতে কোরবান আলী আদালতে মামলা করেন। বিষয়টি তদন্তের জন্য পুলিশের কাছে এলে থানা থেকে ওই জমিতে কাউকে না যাওয়ার জন্য নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়। এতে করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
নিহত হেলেনা খাতুনের বড় ভাই মোবারক হোসেন বলেন, কোরবান গত শুক্রবার রাতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে মলিনার বাবা, ভাই ও স্বজনেরা হামলা করে ঘরের দরজা ভেঙে ঢুকে পড়েন। তাঁরা কোরবান ও হেলেনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং মারধর করে চলে যান। এতে ঘটনাস্থলেই হেলেনার মৃত্যু হয়। আর কোরবান আলী আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মোজাহার হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসিবুল হক বলেন, স্ত্রীর নামে জমি লিখে দেওয়া ও ফেরত নেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোরবান আলীর পক্ষ হাজির না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ধারণা করা হচ্ছে, বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন বাড়িতে গিয়ে হামলা চালিয়েছেন। প্রাথমিক সুরতহালে নিহত গৃহবধূর বুকের নিচে ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন এবং গলা-কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কালো দাগ দেখা গেছে। গতকাল শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক।