যশোরের কেশবপুরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীসহ তার মা, ভাই ও ভাবিকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের বালিয়াডাঙ্গার সাহা পাড়ার তরুণ সৌরভ কুমার সাহা দশম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেয়েটির বাড়ির সামনে সৌরভ তাঁর কয়েকজন সঙ্গীকে নিয়ে তাকে উত্ত্যক্ত করছিলেন। এ সময় মেয়েটির ভাই এর প্রতিবাদ করলে সৌরভ ও তাঁর সঙ্গীরা দেখে নেওয়ার হুমকি দেন। পরে সন্ধ্যা সাতটার দিকে সৌরভ সঙ্গীদের নিয়ে ছাত্রীদের বাড়িতে হামলা করেন। এ সময় তাঁরা ছাত্রীটিকে লাঠি দিয়ে পেটান। ছাত্রীর ভাই ও ভাবিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ছাত্রীর মায়ের মাথায়ও আঘাত করা হয়। তাঁদের মঙ্গলবার রাতেই কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ওই শিক্ষার্থীর ভাই বলেন, ‘আমি একটি কলেজে শিক্ষকতা করি। তাঁদের বোঝাতে গেলে তাঁরা হুমকি দেন। একপর্যায়ে আমি, আমার বোন, মা ও স্ত্রীকে মেরে আহত করেন তাঁরা।’
গতকাল বুধবার সৌরভদের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মায়ের মুঠোফোনে কল দিলে বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
গতকাল দুপুরে কেশবপুরের ইউএনওর কার্যালয়ে ওই ছাত্রী প্রথম অলোকে বলে, ‘সৌরভ আমাকে প্রায় এক বছর ধরে উত্ত্যক্ত করছিল। আমি সৌরভের কারণে স্কুলে যাওয়া ও প্রাইভেট পড়া বন্ধ করে দিয়েছি। আমি এখন বাসায় একপ্রকার অবরুদ্ধ জীবন যাপন করছি। আমি উত্ত্যক্তের প্রতিবাদ করলে আমাকে তুলে নিয়ে ক্ষতি করার হুমকি দেয় সে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির ছাত্রীর মায়ের লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের বিষয়ে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে লিখেছি।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতের হামলার ঘটনায় মামলা হয়েছে। এখনো আসামি গ্রেপ্তার করা যায়নি। তবে চেষ্টা চলছে।