বাড়ির উঠোনে বোমা বিস্ফোরণ, শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে আজ বুধবার সকালে একটি বাড়ির উঠোনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাকিব হাসান নামের চার বছরের এক শিশু আহত হয়েছে। তাকে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা সুলতান বিশ্বাস সাংবাদিকদের বলেন, আজ সকাল সাতটার দিকে সাকিব বাড়ির সামনে উঠোনে দাঁড়িয়ে ছিল। এ সময় উড়ে এসে একটি বোমা বাড়ির উঠোনে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বোমার স্প্লিন্টার সাকিবের দুই পা ও ডান চোখের ওপরে লাগে। তাকে খুলনার হাসপাতালে ভর্তি করা হয়।

সুলতান বিশ্বাস বলেন, ঘটনার পর তিনি অভয়নগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর বাড়ির উঠোনে বোমা ছুড়েছে বলে তাঁর ধারণা। তবে কী কারণে এ বোমা ছোড়া হয়েছে, তা বুঝতে পারছেন না তিনি।

ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটি এখন শঙ্কামুক্ত। তার চিকিৎসা চলছে।

জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, বিস্ফোরিত বস্তুটি হাতবোমা। মামলার তদন্ত চলছে।