বাড়ির কেয়ারটেকার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় বাসায় ঢুকে যুক্তরাষ্ট্রপ্রবাসী মনোয়ারা বেগমকে (৬০) হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাড়ির কেয়ারটেকার সোহেল মিয়াকে আটক করেছে র্যাব।
গত বুধবার দুপুরে নিজ বাড়িতে খুন হন মনোয়ারা বেগম। তাঁর স্বামীর নাম আবুল বাশার। দুর্বৃত্তরা বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এর আগেও ২০১০ সালে সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হয়েছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল বাশার ও মনোয়ারা বেগম যুক্তরাষ্ট্রে থাকেন। গত সোমবার এই দম্পতি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দেশে আসেন। তাঁরা নিজ বাড়ি দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ওঠেন। বাড়ির খোঁজখবর সব সময় মনোয়ারা বেগমই রাখতেন। দেশে ফিরে বাড়ির কেয়ারটেকার সোহেলের সঙ্গে ভাড়ার হিসাব-নিকাশ নিয়ে বসেন। তখন সোহেল বলেন, তিনি হিসাব-নিকাশ দিতে পারবেন না। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গতকাল সকালে র্যাব-১-এর সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির কেয়ারটেকার সোহেলকে আটক করে নিয়ে যায়। এ ছাড়া তাঁর ঘর থেকে পুলিশ রক্তমাখা একটি চাপাতি উদ্ধার করেছে।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার গতকাল রাত পৌনে আটটার দিকে বলেন, ওই ঘটনায় নিহত মনোয়ারার স্বামী আবুল বাশার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। বাড়ির কেয়ারটেকার মো. সোহেলকে প্রধান আসামি করে অজ্ঞাত দুর্বৃত্তের কথা বলা হয়েছে।