বাড়ির পাশে বেড়া নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১
রাজবাড়ীর পাংশা উপজেলায় বাড়ির পাশে বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম ওরফে নজু মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। গত সোমবার উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নজরুল ওই গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার ছেলে। এ ঘটনায় নজরুলের চাচাতো বোন মোহেলি বেগম ও তাঁর স্বামী আবজাল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, আবজাল মোল্লা সোমবার সকালে বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে বেড়া নির্মাণ করতে যান। এ সময় নজরুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নজরুল ও তাঁর বাবা রাজ্জাক মিয়া এবং আবজাল, মোহেলি ও তাঁদের দুই ছেলে আহত হন। আহত ব্যক্তিদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেলে নজরুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই হাসপাতালে পৌঁছার পর নজরুলকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সিদ্ধার্থ শংকর বিশ্বাস বলেন, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ছয়জন রোগী ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
নজরুলের বাবা রাজ্জাক মিয়া বলেন, ‘আমার ছেলে তাঁদের বেড়া না দিতে অনুরোধ করেছিল। কিন্তু তাঁরা তাঁকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেছেন। খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।’