বাড়ির মালিককে তলব, ফায়ার সার্ভিসকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় বাবা-ছেলেসহ চারজনের মৃত্যুর ঘটনায় বাড়ির মালিককে তলব ও ফায়ার সার্ভিসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার ওই পদক্ষেপ নেওয়া হয়।
উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে বৈদ্যনাথপুরের আবুল হাশেম (৫০), তাঁর ছেলে সুজন আলী (২২), নওশাদ আলীর ছেলে জালাল উদ্দিন (৩৫) ও গঙ্গাদাসপুরের জামাত আলীর ছেলে জুয়েল হোসেনের (২৫) মৃত্যু হয়। আবুল হাশেম ছাড়া বাকি তিনজনই নির্মাণশ্রমিক।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির মালিক বৈদ্যনাথপুর গ্রামের রুস্তম আলী সপরিবারে ঢাকায় থাকেন। রুস্তমের অনুপস্থিতিতে মতিয়ার রহমান নামের এক মিস্ত্রি ওই বাড়ির তদারকি করেন। ১৫-১৬ দিন আগে বাড়ির শৌচাগারের জন্য সেপটিক ট্যাংক তৈরি করা হয়। ছাদ ঢালাইয়ের পর ট্যাংকটির প্রবেশপথ ঢাকা ছিল। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে শাটারিং (ঢালাইয়ের জন্য বাঁশ ও কাঠের ঠেকনা) খুলতে ট্যাংকের মুখ খুলে সুজন ১০ ফুট গভীর সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। এরপর নামেন জালাল। তাঁদের কোনো সাড়াশব্দ না পাওয়ায় বিষয়টি দেখতে জুয়েলও ভেতরে নামেন। তাঁরও সাড়া না পাওয়ায় তাঁদের মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করেন। ছেলের আকস্মিক মৃত্যুর খবরে সেখানে ছুটে যান আবুল হাশেম। ছেলেকে উদ্ধারে তিনি নিজেও ভেতরে নেমে পড়েন। ঘটনার পর ১১-১২ বার জীবননগর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলেও সেখান থেকে কেউ আসেননি। পরে গ্রামবাসী সেপটিক ট্যাংকের ছাদ ভেঙে ওই চারজনের লাশ উদ্ধার করে।
জীবননগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার সোহরাব হোসেনও বৈদ্যনাথপুরে না যাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তাঁদের স্টেশনে পানিবাহী গাড়ি ছাড়া এ ধরনের উদ্ধারকাজের প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই। এ কারণে তাঁরা ঘটনাটি ঝিনাইদহের কোটচাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনকে জানান। তারাও বলে, এ ধরনের উদ্ধারকাজের জন্য তাদের সরঞ্জামাদি নেই। এরপর তিনি (সোহরাব) চুয়াডাঙ্গা স্টেশনে খবর দেন। বিকেল ৪টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস থেকে উদ্ধারকারী সরঞ্জামাদিসহ উদ্ধারকারী দল জীবননগরে পৌঁছায়। কিন্তু এর আগেই সেপটিক ট্যাংকের ছাদ ভেঙে ওই চারজনের লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ বলেন, ওই চারজনের পরিবারকে আগামী রোববার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার করে টাকা দেওয়া হবে। এ ছাড়া উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। বাড়ির মালিককে তলব করা হয়েছে। শুক্রবারের মধ্যেই তাঁকে আসতে বলা হয়েছে। তাঁর কাছ থেকেও ক্ষতিপূরণ আদায় করা হবে। এ ছাড়া ফায়ার সার্ভিসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মানবিক কারণেই ময়নাতদন্ত ছাড়া তাঁদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।