বাড়ির মালিকের বিরুদ্ধে ভাড়াটেকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোসলের পানি চাইতে গিয়ে কুমিল্লা শহরতলির শাসনগাছা মুন্সীবাড়ি এলাকায় এক বাড়ির মালিকের হাতে ভাড়াটিয়া খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। পুলিশ বাড়ির মালিককে আটক করেছে।
নিহত ভাড়াটিয়ার নাম মমতাজ বেগম (৪০)। আটক বাড়ির মালিকের নাম রুবী বেগম। তিনি শাসনগাছা মুন্সীবাড়ি এলাকার জাভেদ মিয়ার স্ত্রী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, মমতাজ বেগম কুমিল্লা শহরতলির শাসনগাছা মুন্সীবাড়ি এলাকায় রুবী বেগমদের বাড়িতে ভাড়া থাকেন। গতকাল দুপুর ১২টায় মমতাজ বাড়ির মালিককে পানির মোটর ছাড়তে বলেন। রুবী বেগম সেই মুহূর্তে পানি ছাড়া যাবে না বলে জানিয়ে দেন। এ নিয়ে রুবী বেগম ও মমতাজ বেগমের সঙ্গে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রুবী বেগম ভাড়াটিয়া মমতাজ বেগমের গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই মারা যান মমতাজ বেগম। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর সেখান থেকে তাঁরা রুবী বেগমকে আটক করেন এবং মমতাজ বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।