বাগেরহাটের রামপালে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ধর্ষণের শিকার এক কিশোরী নিজে বাদী হয়ে মামলা করেছে।
এদিকে চৌগাছায় স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মেয়েটির বাবা চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেন। আসামিদের তিনজনকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন। তাঁরা হলেন চৌগাছা পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহবুবুল হাসান ওরফে উজ্জ্বল, চৌগাছা পৌর ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ সানি ও ছাত্রলীগের কর্মী নাঈম মো. শিমুল।
রামপালে গণধর্ষণের ঘটনায় রবিউল ইসলাম গাজী নামের একজনকে আটক করেছে পুলিশ। সে রামপাল ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। রবিউল ধর্ষণের কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নাম প্রকাশ করেছে অপর চার ধর্ষকের। গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার শিকার মেয়েটির বাড়ি যশোরে। সে রোববার মা-বাবার সঙ্গে রামপালের রনসেন গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে বেড়াতে আসে।
ভুক্তভোগী ও তার স্বজনদের বরাত দিয়ে রামপাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রোববার রাত ১০টার দিকে মেয়েটি তার ভগ্নিপতির বাড়ির সামনের রাস্তায় হাঁটছিল। এ সময় পাঁচ যুবক তাকে হাত-পা বেঁধে ও মুখ চেপে তুলে নিয়ে যায়। তারা একটি চিংড়িঘেরের টংঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ভোরে ওই টংঘর থেকে তাকে উদ্ধার ও রবিউলকে আটক করে পুলিশ। এ ঘটনায় মেয়েটির বাবা রামপাল থানায় রবিউলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। অপর চার আসামি হলো রনসেন গ্রামের ইসমাইল গাজী, রাজিব গাজী, পার গোবিন্দপুর গ্রামের জামাল শেখ ও মোজাহার শেখ। বাগেরহাট সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে।
ঝিনাইদহে ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল বলেন, সদর উপজেলার লাউদিয়া গ্রামের মাইক্রোবাসচালক খায়রুল ইসলাম মুঠোফোনের মাধ্যমে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২৮ সেপ্টেম্বর রাতে খায়রুল মেয়েটিকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন। প্রথমে রাজি না হলেও খায়রুলের জোরাজুরিতে সে গোপনে বাড়ির বাইরে বের হয়। তাকে এক নির্জন স্থানে নিয়ে মাইক্রোবাসের মধ্যেই ধর্ষণ করে খায়রুল। রাত সাড়ে তিনটার দিকে তাকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালাপাহাড়িয়া গ্রামের রাস্তার ওপর ফেলে রেখে যান খায়রুল। পরে আশপাশের লোকজনের সহায়তায় সে বাড়ি ফিরে আসে। এ ঘটনায় গতকাল থানায় মামলা করে মেয়েটি। খায়রুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
যশোর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক লাইলী নার্গিস বলেন, চৌগাছায় ধর্ষণের শিকার মেয়েটির অনেক রক্তক্ষরণ হয়েছে। সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে।
ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল চৌগাছা উপজেলা সদরে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
গত রোববার বিকেলে চৌগাছা শাহদাৎ পাইলট স্কুলের মাঠ থেকে তুলে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়।
{প্রতিবেদন তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ, যশোর অফিস ও বাগেরহাট প্রতিনিধি}