বাড়ির সীমানা নিয়ে বিরোধ, নিহত ১
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নে দুই পরিবারের সংঘর্ষে শাহাবুদ্দিন (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে সদ্যপুষ্করিনী ইউনিয়নের কেরানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে বিবাদের জের ধরে আজ শাহাবুদ্দিন ও লুৎফর রহমানের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে লাঠির আঘাতে শাহাবুদ্দিন আহত হন। স্থানীয় লোকজন শাহাবুদ্দিনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শাহাবুদ্দিনের ছেলে তাজুল ইসলাম দুপুরে লুৎফর রহমান ও তাঁর ছেলে মাহবুবুর রহমানসহ ওই পরিবারের আরও নয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই মামলার আসামি শিউলি বেগম (২৮) ও আমেনা বেগমকে গ্রেপ্তার করে। মূল আসামিরা পলাতক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, জমির সীমানা নিয়ে বিবাদের জেরেই এ ঘটনা ঘটেছে। মামলার মূল আসামিরা পলাতক হলেও অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।