বাড়ির সীমানা নিয়ে বিরোধে ঘর পোড়ানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন প্রভাত চন্দ্র সরকার নামের এক ব্যক্তির বসতঘর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নগরকুল গ্রামে এই ঘটনা ঘটে।
প্রভাত চন্দ্র সরকার (৬০) একজন বাবুর্চি। তাঁর বাড়ি তাড়াইল উপজেলার নগরকুল গ্রামে।
প্রভাত চন্দ্র সরকার অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে নগরকুল গ্রামের গোলাপ মিয়া ও তাঁর ছোট ভাই আল আমিন গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেন।
গতকাল শুক্রবার নগরকুল গ্রামে গিয়ে দেখা গেছে, বাঁশ ও খড় দিয়ে তৈরি প্রভাতের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পোড়া ঘরের সামনে বসে আছেন তিনি। তাঁর বাড়ির সীমানার দক্ষিণ দিকে একটি ছোট ঘর। ওই ঘরে বসবাস করেন গোলাপ ও আল আমিনের মা জমিলা খাতুন (৫৮)। প্রতিবেশী জসিম উদ্দিন বলেন, ‘আগুন লাগার পর ঘর থেকে বাহির হই। কারা আগুন লাগিয়েছে দেখিনি।’
এই ব্যাপারে গোলাপ মিয়া বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে আমার মায়ের বসতঘর ঘেঁষে প্রভাত চুলা বানাচ্ছিলেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তিনি (প্রভাত) ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমার শরীরে একাধিক আঘাত করেন। রাতে নিজের ঘরে নিজেই আগুন লাগিয়ে তিনি আমাদের বিপদে ফেলার চেষ্টা করছেন।’
গোলাপ মিয়াকে লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ অস্বীকার করেছেন প্রভাত চন্দ্র। তিনি দাবি করেন, বৃহস্পতিবার বিকেলে তাঁর (প্রভাতের) বাড়ির দক্ষিণ সীমানায় মাটি খুঁড়ে একটি চুলা (উনুন) তৈরি করার সময় গোলাপ ও আল আমিন এসে তাঁকে মারধর করে চলে যান। রাতে তাঁরা তাঁর ঘরে আগুন লাগিয়ে দেন।