বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। জালাল উদ্দীন ওরফে শরাফত (৫৪) নামের ওই ব্যক্তি গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পরিবার নিয়ে পালিয়ে গেছেন।

নিহত জালাল উদ্দীন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাসা পটল গ্রামের মগরব হোসেনের ছেলে।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, জালাল উদ্দীন ও তাঁর ভাই সাইফুল ইসলামের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী ইছান মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম ও নুর ইসলামের বাড়ির সীমানায় তিন শতক জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকাল সাতটার দিকে জালাল উদ্দীন ও তাঁর ভাই সাইফুল বিরোধকৃত ওই জায়গায় ঘরের খুঁটি পুঁততে যান। এ সময় প্রতিপক্ষ রফিকুল ইসলাম ও নুর ইসলাম এতে বাধা দেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম তাঁর কোমরে লুকিয়ে রাখা ছুরি বের করে জালাল উদ্দীনের পেটে আঘাত করেন। এ সময় জালালকে রক্ষা করতে গেলে সাইফুলকেও ছুরিকাঘাত করে আহত করা হয়। তাঁদের চিৎকারে রফিকুল ও নুর ইসলাম পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন আহত জালাল ও সাইফুলকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে আটটার দিকে জালাল উদ্দীন মারা যান। সাইফুল এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আজ সকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলাম ও নুর ইসলামকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানিয়েছেন, তাঁরা ঘটনার পর থেকে পরিবার নিয়ে পালিয়ে গেছেন।