বায়েজিদ এলাকায় সংঘর্ষে নিহত ১, আহত ৩
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন ঢেবারপাড় বস্তি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
গতকাল বুধবার রাত নয়টার দিকে বিবদমান দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের দাবি, বস্তিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের দাবি, দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
নিহত যুবকের নাম মিরাজ উদ্দিন (২০)। আহত তিনজন হলেন রহিম, আনোয়ার হোসেন ও নুর হোসেন। আহত তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বায়েজিদ এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ চলে আসছে। এই দ্বন্দ্বে জড়িয়ে যায় বস্তির নিম্নশ্রেণির মানুষও। গতকাল রাতে বস্তিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময়ে অস্ত্র ও চাপাতি ব্যবহৃত হয়। এ সময় গুলির শব্দ শোনা যায়। তবে নিহত মিরাজ উদ্দিনের মাথায় চাপাতির কোপ রয়েছে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিবদমান দুই পক্ষই এলাকার নিম্নআয়ের মানুষ। নিহত মিরাজ রিকশাচালক ছিল বলে আমরা জানতে পেরেছি। আহত তিনজনও দিনমজুর। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’